বন্ধ হয়ে গেল অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর পরের ছবি। অজয় দেবগনের প্রযোজনায় একটি সিনেমায় কাজ করার কথা ছিল সিদ্ধান্তের। পরিচালনার দায়িত্বে ছিলেন নবাগত নেহা শর্মা। তিনি ‘দ্য জোয়া ফ্যাক্টর’, ‘তেরে বিন লাদেন: ডেড অর অ্যালাইভ’ সহ একাধিক প্রজেক্টে লেখিকা হিসেবে কাজ করেছিলেন। তবে এখন শোনা যাচ্ছে, ছবিটি হচ্ছে না। কেন? বাজেটের সমস্যার কারণেই নাকি এমন সিদ্ধান্ত নিতে হয়েছে নির্মাতাদের। প্রাথমিকভাবে ছবিটির নাম ঠিক করা হয়েছিল ‘রামরে’। অ্যাকশন ক্রিয়েচার ঘরানার ছবিতে সিদ্ধান্তের সঙ্গে অভিনয় করার কথা ছিল মোহিত রায়নার। প্রায় এক বছর ধরে এই ছবি নিয়ে কথাবার্তা, প্রস্তুতি চলেছে। তবে শেষ মুহূর্তে এসে অর্থনৈতিক কারণে তা বন্ধ করতে বাধ্য হলেন নির্মাতারা। যদিও এ প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।



