ঋত্বিক স্মরণ
ঋত্বিক স্মরণ
• ‘তিতাস একটি নদীর নাম’-এর শ্যুটিং শুরু হবে। প্রযোজক হাবিবুর রহমানকে নিয়ে তিতাস নদীর ধারে লোকেশন দেখতে গিয়েছেন পরিচালক ঋত্বিক ঘটক। নদীর কাছাকাছি আসতেই গাড়ি দাঁড় করাতে বলেন পরিচালক। গাড়ি থেকে নেমে নদীতে বাচ্চাদের মতো করতে থাকেন। জল ছিটিয়ে নিলেন চোখে-মুখে। মুক্তিযোদ্ধা তথা প্রযোজক হাবিবুরের তখন ২৭ বছর বয়স। ঋত্বিকের কাণ্ড দেখে তিনি অবাক। জিজ্ঞাসা করলেন, ‘কী হল!’ জবাবে ঋত্বিক বলেন, ‘অনুভব করছি। তিতাসে কখনও আসতে পারব ভাবিনি তো।’ পরিচালক ঋত্বিক ঘটক প্রসঙ্গে এমনই নানা ঘটনায় সমৃদ্ধ হল ফিল্ম ফেস্টিভ্যাল। বললেন প্রযোজক হাবিবুর। ওই ছবির সূত্রে এক বছর ঋত্বিকের সঙ্গে কাটিয়েছিলেন তিনি। সেই স্মৃতিই শুক্রবার সকলের সঙ্গে ভাগ করে নিলেন। এদিন উৎসবে প্রদর্শিত হল ছবিটিও। হাবিবুর সহ উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আশাফুর রহমান, পরিচালক গৌতম ঘোষ। ঋত্বিকের শতবর্ষ উপলক্ষ্যে তাঁর ছ’টি ছবি এবার দেখানো হবে উৎসবে। পাশাপাশি দুপুরে নন্দন ফয়ারে উদ্বোধন হল ঋত্বিক ঘটককে নিয়ে একটি প্রদর্শনী। সেখানে ছবি, পোস্টার দেখতে দেখতে আবেগঘন হয়ে পড়েন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘স্মৃতি সবসময় মধুময়।’
অন্তরার আক্ষেপ
• সলিল চৌধুরীর শতবর্ষ। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ শনিবার প্রদর্শিত হচ্ছে সলিলের সুররোপিত একমাত্র ‘দো বিঘা জমিন’। তাতে ক্ষোভ নেই সলিল কন্যা অন্তরা চৌধুরীর। অভিমান, বাবার নামে কোনও মেট্রো স্টেশন নেই বলে। মৃদু হেসে বললেন, ‘হেমন্তকাকার নামে আছে। বাবার নামে একটা স্টেশন হতেই পারত।’ শুক্রবার উৎসবে এসেছিলেন লেগাসি অব সলিল চৌধুরি মিউজিক শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিতে।
সীমানা ছাড়িয়ে সিনেমার সেমিনার
• চলতি বছর চলচ্চিত্র উত্সবে নতুন বিভাগ যুক্ত হয়েছে। নাম, ‘বিয়ন্ড বর্ডার: ডিসপ্লেসমেন্ট, মাইগ্রেশন’। সারা পৃথিবীর সমসাময়িক অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি, ঘটমান গণহত্যা সম্পর্কিত মোট ৯টি ছবি দেখানো হবে। রয়েছে প্যালেস্টাইন, সুদান, মিশর, লেবানন সহ বিভিন্ন দেশের ছবি। এই বিভাগ শুরুর সঙ্গে শুক্রবার শিশির মঞ্চে ‘বিয়ন্ড বর্ডার’ নামাঙ্কিত একটি সেমিনারের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন অধ্যাপক সুরঞ্জন দাস, সাংবাদিক-লেখিকা মঞ্জিরা মজুমদার ও মণিপুরের চলচ্চিত্র পরিচালক হারাম পবন কুমার। সুরঞ্জন দাসের বক্তব্যে উঠে আসে ভারতের পাঞ্জাব ও বাংলা কীভাবে দেশভাগের ক্ষত নিয়ে এগিয়ে চলেছে। সেই দেশভাগের ঘটনা সিনেমায় কীভাবে প্রতিফলিত হয়, সেকথাও তিনি বলেন। পাশাপাশি প্যালেস্টাইন ও ইজরায়েলের যুদ্ধর কথাও উঠে আসে। মণিপুরের পরিচালক হারাম পবন কুমার তুলে ধরেন, এই মুহূর্তের মণিপুরের ঘটনা।
প্রিয়ব্রত দত্ত