নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নিমাইতীর্থ মণিরামপুর ফেরি সার্ভিস পরিচালনার সময়সীমা তিন বছরের পরিবর্তে পাঁচ বছর করার জন্য উত্তর বারাকপুর পুরসভাকে চিঠি দিয়েছিল বৈদ্যবাটি পুরসভা। কিন্তু বারাকপুর পুর কর্তৃপক্ষ তাতে রাজি নয়। এ ব্যাপারে বুধবার জরুরি বোর্ড মিটিং ডাকা হয়। সেখানে চুক্তির মেয়াদ তিন বছর রাখার সিদ্ধান্ত হয়েছে। ৩১ মে পর্যন্ত নিমাইতীর্থ মণিরামপুর ফেরি সার্ভিস পরিচালনার দায়িত্ব রয়েছে উত্তর বারাকপুর পুরসভার হাতে। এবার তা যাবে বৈদ্যবাটি পুরসভার হাতে। উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, মণিরামপুরের ফেরি সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তিন বছর আমরা চালাই। তিন বছর বৈদ্যবাটি পুরসভা চালায়। ১ কোটি ৮৬ লক্ষ টাকায় চুক্তিতে ফেরি চালানো হয়। বৈদ্যবাটি পুরসভা পাঁচ বছরের জন্য ফেরি পরিষেবা পরিচালনার দায়িত্ব চেয়েছিল। সেই কারণে সেখানকার চেয়ারম্যান চিঠি দিয়েছেন। কিন্তু আমাদের কাউন্সিলারদের আপত্তি রয়েছে। এদিন পুর বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান পরিষদের সদস্য রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রস্তাব দেন, তিন বছর অন্তর দু’টি পুরসভাই এই ফেরি সার্ভিস চালাবে। মেয়াদ বৃদ্ধি ঠিক হবে না। এই প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে। বৈদ্যবাটি পুরসভাকে তা জানিয়ে দেব।



