সংবাদদাতা, কাটোয়া: পূর্বস্থলীর ছাড়িগঙ্গার ফেরিঘাট টানা পাঁচদিন ধরে বন্ধ। কচুরিপানায় ঢেকে গিয়েছে গোটা ছাড়িগঙ্গা। বর্ষার মরশুমে জল বেড়ে যাওয়ায় কচুরিপানায় কার্যত ঢেকে গিয়েছে গোটা নদী। ফেরি সার্ভিস বন্ধ করতে হয়েছে মাঝিদের। ফলে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ও নদীয়ার নবদ্বীপের ইদ্রাকপুর এলাকার মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। তাঁদের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।
ফেরিঘাট কর্তৃপক্ষের তরফে প্রতাপ ঘোষ বলেন, টানা পাঁচদিন ধরে ছাড়িগঙ্গায় নৌকা চালাতে পারছি না। কচুরিপানায় ঢেকে গিয়েছে। যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। নৌকা বন্ধ থাকায় আমরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে আবার স্বাভাবিকভাবে নৌকা চলাচল শুরু করা সম্ভব হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী-২ ব্লক ও নদীয়ার নবদ্বীপের ইদ্রাকপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে গিয়েছে ছাড়িগঙ্গা। পূর্বস্থলীর নবপল্লি ঘাট থেকে ইদ্রাকপুর পর্যন্ত পারাপারের জন্য পূর্ব বর্ধমান জেলা পরিষদের তরফে ঘাটের ইজারা দেওয়া হয়। প্রতিদিন প্রায় কয়েকশো মানুষ ফেরি পারাপার করে। তবে এখন ছাড়িগঙ্গা কচুরিপানায় ভরে গিয়েছে। তাতে নৌকা চালানো যাচ্ছে না। ফলে টানা পাঁচদিন ধরে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে নৌকা চলাচল। ইদ্রাকপুরের বাসিন্দারা নৌকায় করে পূর্বস্থলীতে আসতে পারছেন না। তারজন্য ইদ্রাকপুরের বাসিন্দাদের প্রায় ১০ কিমি ঘুরে প্রতাপনগর হয়ে যাতায়াত করতে হচ্ছে। আবার কেউ কেউ নবদ্বীপ হয়ে ঘুরে আসছেন। তাতে অনেক সময় লেগে যাচ্ছে। তাঁরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ঠাকুরদাস হালদার, দেবরঞ্জন হালদার ও নির্মল মণ্ডল বলেন, কচুরিপানায় ভরে যাওয়ায় ছোটো নৌকা ও ডিঙি নিয়ে ফাঁস জাল ফেলে মাছও ধরা যাচ্ছে না। মাছ ধরাই আমাদের জীবিকা। অবিলম্বে কচুরি পানা পরিষ্কার না করলে আর্থিকভাবে ফেরিঘাট কর্তৃপক্ষের পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্ত হব।