সংবাদদাতা, বোলপুর: সংস্কারের নামে ২৭ আগস্ট বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতীর ফার্স্ট গেট বন্ধ রাখা হয়েছে। কিন্তু, এতদিনেও সংস্কার শুরু হয়নি। ওই গেট দিয়ে যাতায়াত করতে না পেরে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে। তাঁদের আশঙ্কা, ক্যাম্পাস লাগোয়া ওই পথে সাধারণ মানুষ চলাচল করুক-সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইছে না। সেই কারণে সংস্কারের নামে ওই পথ পাকাপাকিভাবে বন্ধ করতে চাইছে তারা। এবিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
২৭ আগস্ট বিশ্বভারতীর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফার্স্ট গেট দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। তার কারণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সংরক্ষণ প্রকল্পের অধীনে মেরামত চলছে। সাধারণ মানুষকে কবিগুরু হস্তশিল্প সমিতি লাগোয়া ভুবনডাঙার বড় বাঁধের পাশ দিয়ে যাওয়া বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ওই গেট দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু, মাঝে এতগুলি দিন পেরিয়ে গেলেও সংস্কার শুরু হয়নি।
এলাকার মানুষের প্রশ্ন, কাজ শুরু না হলে কেন রাস্তা বন্ধ রাখা হল? তাঁদের আশঙ্কা, সংস্কারের নামে রাস্তাটি চিরকালের জন্য বন্ধ করাই বিশ্বভারতীর উদ্দেশ্য।
ফার্স্ট গেট লাগোয়া রাস্তাটি বিশ্বভারতীর দখলে। তবে এটিই গুরুপল্লি, সীমান্তপল্লি, বালিপাড়া, জামবুনি বা শ্রীনিকেতন যাওয়ার রাস্তা। গেট বন্ধ থাকায় সবাইকে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও খরচ-দুই’ই বাড়ছে। শ্রমজীবীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।
বিশ্বভারতীর রাস্তা বন্ধের ইতিহাস নতুন নয়, এর আগে উত্তর শিক্ষা সদনের রাস্তা বন্ধ করা হয়েছে। শান্তিনিকেতন রোড থেকে মেলার মাঠ হয়ে থানায় যাওয়ার ফটক দু’টিও বন্ধ হয়েছে। শ্রমজীবীরা অনেকসময় গেটের নীচ দিয়ে কষ্ট করে পার হতেন। কিন্তু, কর্তৃপক্ষ সিমেন্ট ঢালাই করে সেই পথও বন্ধ করে দিয়েছে। বিশ্বভারতীর অনেক অধ্যাপক, ছাত্রছাত্রীরাও ওই রাস্তা ব্যবহার করতেন। তাঁদেরও ঘুরপথে যেতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অধ্যাপক বলেন, কর্তৃপক্ষের এই মনোভাব এলাকাবাসীর সঙ্গে বিশ্বভারতীর দূরত্ব বাড়াচ্ছে। একসময় মেলার মাঠে পাঁচিল তুলতে গিয়ে প্রশাসন ও এলাকাবাসীর সঙ্গে বিশ্বভারতীর সংঘাত বেধেছিল। তারপরই দূরদর্শন কেন্দ্র লাগোয়া রাস্তা বন্ধ করেছিলেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। জেলা প্রশাসন ওই রাস্তায় ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি স্বাভাবিক করে। গুরুপল্লির বাসিন্দা জগদীশ হাজরা, প্রদীপ মণ্ডল বলেন, বিশ্বভারতী ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলেও এখানে সাধারণ মানুষও থাকে। তাদের কথা না ভেবে একতরফা সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
সংস্কারের নামে বিশ্বভারতীর ফার্স্ট গেট বন্ধ রাখা হয়েছে। -নিজস্ব চিত্র