Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লাগাতার বউমাকে ধর্ষণ, মাটিয়ায় গ্রেপ্তার শ্বশুর

বউমাকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর। আর এই অন্যায়কে ‘প্রশ্রয়’ দেওয়ার অভিযোগে স্বামীকেও গ্রেপ্তার করেছে পুলিস।

লাগাতার বউমাকে ধর্ষণ, মাটিয়ায় গ্রেপ্তার শ্বশুর
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বউমাকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর। আর এই অন্যায়কে ‘প্রশ্রয়’ দেওয়ার অভিযোগে স্বামীকেও গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনাটি মাটিয়া থানা এলাকার। পুলিস জানিয়েছে, শ্বশুরের নাম শঙ্কর ও স্বামীর নাম সোমনাথ বিশ্বাস। রবিবার তাঁদের বসিরহাট আদালতে তোলা হলে পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি এদিনই নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অশোকনগরে গুমার এক যুবতীর সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় মাটিয়া থানার শঙ্কর বিশ্বাসের ছেলে সোমনাথের। বিয়ের পর তাঁদের সংসারে কোনও অশান্তি ছিল না। দম্পতির চার বছরের একটি পুত্রসন্তানও আছে। কিন্তু মাস দু’য়েক আগে বউমার উপর কু-নজর পড়ে শ্বশুর শঙ্করের। ছেলে বাড়িতে না থাকলেই তিনি পুত্রবধূকে যৌন নির্যাতন ও লাগাতার ধর্ষণ করতেন বলে অভিযোগ। নির্যাতিতা স্বামীকে সব কথা খুলে বললেও স্বামী তাতে কর্ণপাত করেননি। উল্টে তাঁকে মারধর করতেন বলে দাবি নির্যাতিতার। এরপর শ্বশুর শঙ্কর বিশ্বাস পুত্রবধূর উপর অত্যাচার আরও বাড়িয়ে দেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরে শনিবার রাতে মাটিয়া থানার দ্বারস্থ হন ওই গৃহবধূ। শ্বশুর ও স্বামীর নামে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ধর্ষণের অভিযোগে পুলিস শ্বশুর শঙ্কর বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি সব জেনে চুপ থাকা এবং স্ত্রীকে মারধরের অভিযোগে স্বামী সোমনাথকেও গ্রেপ্তার করেছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ