মুম্বই ও নয়াদিল্লি: বছরের প্রথম তিন মাসেই কৃষকদের মৃত্যুমিছিল ডাবল ইঞ্জিন মহারাষ্ট্রে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে আত্মহত্যা করেছেন ৭৬৭ জন অন্নদাতা। বুধবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সরকার রাজ্য বিধানসভা এই তথ্য পেশ করতেই সমালোচনার ঝড় উঠেছে। একযোগে বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছে কংগ্রেস, তৃণমূল। মহারাষ্ট্রের মর্মান্তিক পরিসংখ্যানের জন্য সরাসরি সরকারি নীতিকেই কাঠগড়ায় তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রীকে বিঁধে রায়বেরিলির সাংসদ লিখেছেন, ৭৬৭টি পরিবার নষ্ট হয়ে গিয়েছে। এই ধাক্কা ওই পরিবারগুলি কোনও দিনই সামলে উঠতে পারবে না। কিন্তু, সরকার কী করছে? এরপর প্রধানমন্ত্রীকে পুরনো প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে রাহুলের তোপ, মোদিজি বলেছিলেন কৃষকদের আয় দ্বিগুণ করে দেবেন। কিন্তু, এখন অন্নদাতাদের জীবনে অন্ধকার নেমে এসেছে। আর মোদিজি নিজের প্রচার সর্বস্বতার তামাশা দেখছেন।



