হায়দরাবাদ: এইআই দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত (মরফড) ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ। মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাস এবং একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। পুলিশ সূত্রে খবর, দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলনের পর থেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে ওই এআই নির্মিত বিকৃত ভিডিয়োগুলি ছড়িয়ে পড়ে। অভিযোগ, এই ধরনের ভিডিয়ো সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে। তদন্তে নেমে এআই-তৈরি ভিডিয়োগুলির উৎস, কীভাবে সেগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ল এবং এই ধরনের কনটেন্ট রুখতে মেটার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, বিকৃত ভিডিয়ো তৈরি, আপলোড বা শেয়ার করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ভূমিকাও তদন্তের আওতায় রয়েছে। দিন কয়েক আগেই এআই ব্যবহার করে প্রতারণা, ভুয়ো বিজ্ঞাপন, বিকৃত কনটেন্ট শনাক্ত ও অপসারণে সংস্থার ব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা চেয়ে মেটার প্রতিনিধিদের তলব করেছিল হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ। পরে মেটার এক প্রতিনিধি সংস্থার কনটেন্ট মডারেশন এবং আইন মেনে চলার বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানান।



