Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চালাতে ব্যর্থ, নিউটাউনে চুরির গাড়ি পার্কিং করে ক্যাবে হাওড়ায় চম্পট

অভিজাত আবাসন থেকে সোনার গয়না, ইলেকট্রনিক গ্যাজেট সহ একটি দামি গাড়ি চুরি করে পালাচ্ছিল যুবক। কিন্তু, ফার্স্ট গিয়ারে কিছুটা দূর এগলেও আর চালাতে পারেনি।

চালাতে ব্যর্থ, নিউটাউনে চুরির গাড়ি পার্কিং করে ক্যাবে হাওড়ায় চম্পট
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অভিজাত আবাসন থেকে সোনার গয়না, ইলেকট্রনিক গ্যাজেট সহ একটি দামি গাড়ি চুরি করে পালাচ্ছিল যুবক। কিন্তু, ফার্স্ট গিয়ারে কিছুটা দূর এগলেও আর চালাতে পারেনি। নিউটাউনের রাস্তার ধারে গাড়ি পার্কিং করে ক্যাব ভাড়া করে পালিয়ে গিয়েছিল হাওড়া স্টেশন। দিল্লিগামী ট্রেনে পালাবার ছক ছিল। কিন্তু, চুরির আইপডের জিপিএস লোকেশনই হাওড়া স্টেশন থেকে ধরিয়ে ছিল অভিযুক্তকে। নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুজিত যাদব। তার বয়স ২১ বছর। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের যে অভিজাত আবাসনের ফ্ল্যাটে সুজিত চুরি করেছে, সেই ফ্ল্যাটে সে আগে পরিচারকের কাজও করত। তারপর দিল্লি চলে গিয়েছিল। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ ফ্ল্যাট মালিক এসে দেখেন, দরজা খোলা। ভিতরে সমস্ত জিনিসপত্র তছনছ করা।
ওয়াই-ফাই ক্যামেরা ভাঙা, সোনা-রূপার গয়না, নগদ টাকা, আইপড, ল্যাপটপ, ঘড়ি সবকিছু লুট হয়েছে। একেবারে নতুন একটি ব্যাগও চুরি গিয়েছে। ১০০ ডায়াল করে ওই ফ্ল্যাট মালিক পুলিশকে জানান। রাতেই টেকনোসিটি থানার পুলিশ ফ্ল্যাটে যায়। তদন্তও শুরু হয়।
কিছুক্ষণ পরই ফ্ল্যাট মালিকের মনে হয়, তাঁর আইপডটিও চুরি হয়েছে। সেটি আইফোনের সঙ্গে কানেক্ট করা। তিনি লোকেশন ট্র্যাক করে দেখেন, হাওড়া স্টেশন দেখাচ্ছে। তিনি পুলিশকে ফোন করে জানান। তারপর পুলিশের একটি দল হাওড়া স্টেশনে গিয়ে সুজিতকে গ্রেপ্তার করে। চুরির মালপত্রও উদ্ধার হয়। ধরা পড়ার পর সে জানায়, গাড়িটি চালিয়ে আসছিল। কিন্তু, ফার্স্ট গিয়ারে কিছুটা চালাবার পর খারাপ হয়ে যায়। তারপর নিউটাউনেই রাস্তার ধারে গাড়িটি রেখে সে একটি ক্যাব বুক করে হাওড়ায় পৌঁছয়। সেখান থেকে দিল্লি যাওয়ার ছক ছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ