Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দত্তপুকুরে বয়লার বিস্ফোরণ কাণ্ডে ধৃত কারখানার মালিক ও ম্যানেজার

দত্তপুকুরে বয়লার বিস্ফোরণ কাণ্ডে শুক্রবার রাতে গ্রেপ্তার হলেন দু’জন। দত্তপুকুর থানার পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন কারখানার জমির মালিক বিজন সাহা এবং ম্যানেজার সোমনাথ চন্দ্র।

দত্তপুকুরে বয়লার বিস্ফোরণ কাণ্ডে ধৃত কারখানার মালিক ও ম্যানেজার
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুরে বয়লার বিস্ফোরণ কাণ্ডে শুক্রবার রাতে গ্রেপ্তার হলেন দু’জন। দত্তপুকুর থানার পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন কারখানার জমির মালিক বিজন সাহা এবং ম্যানেজার সোমনাথ চন্দ্র। শনিবার বারাসত আদালতে তোলা হলে বিচারক দু’জনেরই চারদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। পাশাপাশি আরও কয়েকজনের নামে অভিযোগ হয়েছে। তাঁদের খোঁজ চলছে। শুক্রবার দুপুরে নীলগঞ্জের তালধাড়িয়া এলাকার গেঞ্জি সুতো রং করার কারখানায় বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিক সুজয় সামন্তের। গুরুতর জখম হন আরও এক শ্রমিক। বিস্ফোরণের পরে কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। শুরু হয় পুলিশের তদন্ত। প্রাথমিক তদন্তে গাফিলতির অভিযোগ সামনে আসে। কারখানার নথি খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। বয়লার চালানোর ক্ষেত্রে নিয়ম মানা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হয়। এজন্য প্রশিক্ষিত কর্মী ছিলেন কি না, তা নিয়েও তদন্ত চলছে। তার ভিত্তিতেই জমির মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ