‘দোস্তানা ২’ ঘিরে দীর্ঘদিন ধরে বলিউডে চাপানউতোর চলছে। ২০১৯ সালে এই ছবি ঘিরেই কার্তিক আরিয়ান ও করণ জোহরের মধ্যে বিবাদ শুরু হয়। যার জেরে দুই তারকার মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল বলে জল্পনা। এই বিতর্ক এখন ইতিহাস। করণ প্রযোজিত ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’, ‘নাগজিলা’— ছবিগুলিতে অভিনয় করছেন কার্তিক। তবে ‘দোস্তানা ২’-তে তাঁকে আর দেখা যাবে না বলেই খবর। শোনা যাচ্ছে, ধর্মা প্রোডাকশনের এই ছবিতে বিক্রান্ত ম্যাসি ও লক্ষ্যকে কাস্ট করা হয়েছে মুখ্য চরিত্রে। পর্দায় সমকামী জুটি হিসেবে দেখা যাবে তাঁদের। পাশাপাশি ছবিতে জাহ্নবী কাপুরের অভিনয় করার কথা ছিল। তবে সেই চরিত্রেও মুখ বদল হয়েছে বলে খবর। দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা থাকবেন কেন্দ্রীয় চরিত্রে। কমেডি ড্রামা ঘরানার ছবিটি পরিচালনা করবেন অদ্বৈত চন্দন। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শুরু হবে শ্যুটিং।



