সংবাদদাতা, মানকর: গর্ভবতী মহিলা ও শিশুদের মেয়াদ উত্তীর্ণ ছাতু খাওয়ানোর অভিযোগ উঠল কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর এলাকার প্রয়াগপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বৃহস্পতিবার মহিলারা ছাতুর প্যাকেট হাতে বিক্ষোভ দেখান। অভিযোগ, খাবারের প্যাকেটের মেয়াদ জুলাই-আগস্ট মাসেই পেরিয়ে গিয়েছে। এদিন সকালে কেন্দ্রের সামনে অভিভাবকরা জড়ো হন। তাঁদের অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ ছাতু খেয়ে শিশু ও প্রসূতিদের কোনো বিপদ ঘটলে তার দায় কে নিত। অনেক সময় শিশুদের ছাতু গুলে খাইয়ে বাড়ি পাঠানো হয়। প্রসূতিদের হাতে প্যাকেট দেওয়া হয়। সেই প্যাকেটেই মেয়াদের তারিখ থেকে বোঝা যায় নির্দিষ্ট সময় অতিক্রম করেছে। অভিভাবকদের আশঙ্কা শিশুদেরও ওই মেয়াদ উত্তীর্ণ ছাতু খাওয়ানো হয়েছে। এক অভিভাবক বলেন, আমাদের শিশুদের কেন্দ্রে ছাতু গুলে খাইয়ে দেওয়া হয়। আমরা বুঝতে পারিনি। যিনি দায়িত্ব আছেন তিনি প্রতিদিন আসেন না। ফলে পড়াও হয় না। অভিভাবকদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যেখানে শিশু ও গর্ভবতী মায়াদের পুষ্টির ব্যবস্থা করছে সেখানে কেন এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতার কাজ। আশঙ্কা, মেয়াদ উত্তীর্ণ খাবারে ছোট্ট শিশু বা গর্ভবতী মায়েদের বড় ক্ষতি হতে পারে। সেন্টারের রাঁধুনি কুমকুম চক্রবর্তী দায় নিতে নারাজ। তিনি বলেন, আমি কিছু জানি না। দিদিমনি জানেন। তিনদিন ছাতু খাওয়ানো হয়।



