ধারাবাহিক ‘অমরসঙ্গী’ শেষের পথে। এবার কী পরিকল্পনা? জানালেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি।
ধারাবাহিক ‘অমরসঙ্গী’ শেষের পথে। এবার কী পরিকল্পনা? জানালেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি।
একটা প্রজেক্ট শেষ। এবার নতুন শুরুর অপেক্ষা। এই অপেক্ষার দিনগুলিতে মনখারাপ নয়। বরং নিজেকে আরও যোগ্য করে তোলার চেষ্টা করেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। জি বাংলার ধারাবাহিক ‘অমরসঙ্গী’র শ্যুটিং শেষ করেছেন সদ্য। এবার? ‘শিল্পীর কোনও অবসর হয় না। তাও একটা প্রজেক্ট শেষ হওয়ার পর নিজেকে আপডেট করতে থাকি। পড়াশোনা করি। মন এবং শরীরের যত্ন নিই। ভালো খাবার খাই। ওয়ার্কআউট করি। বিভিন্ন ক্রিয়েটিভ কাজে যুক্ত থাকি’, হেসে বললেন শ্যামৌপ্তি।
নতুন কাজের খবর এখনই দিলেন না শ্যামৌপ্তি। পেশাগত এই অনিশ্চয়তা সামলান কীভাবে? তাঁর জবাব, ‘ঈশ্বরের আশীর্বাদে এখনও কাজ না থাকার উদ্বেগ আমার হয়নি। অনিশ্চয়তা থাকেই। সেটা নিয়েই এগতে হয়। টেলিভিশনে তো কাজ করবই। অন্য প্ল্যাটফর্মে তেমন কিছু কথা এখনও হয়নি। আসলে অভিনেতা হিসেবে অভিনয় প্রতিভাকে এক্সপ্লোর করতে চাই। মাধ্যম সেখানে আলাদা করে গুরুত্বপূর্ণ মনে হয় না।’
ন’বছরের অভিনয় জীবনে টেলিভিশনকে কতটা বদলে যেতে দেখলেন? শ্যামৌপ্তি স্পষ্ট বললেন, ‘আমি যখন টেলিভিশনে কাজ করতে শুরু করি তখন মানুষের কাছে বিকল্প অপশন খুব কম ছিল। এখন শুধু আমাদের ইন্ডাস্ট্রি বলে নয়, প্রতিটা ক্ষেত্রেই অপশন অনেক বেড়ে গিয়েছে। তাই প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে। আমার প্রতিযোগী আমি নিজেই। দু’বছর আগে যেমন ছিলাম, দু’বছর পরে যেন তেমন না থাকি, সেই চেষ্টাই করি।’ তারই পদ্ধতি হিসেবে প্রথাগত ভাবে অভিনয় শেখার ওয়ার্কশপেও যোগ দিতে চান বলে জানালেন অভিনেত্রী।
ভালো, খারাপ সবটুকু নিয়েই কেরিয়ারে এগিয়ে যেতে চান শ্যামৌপ্তি। তিনি অভিজ্ঞতায় শিখেছেন, প্রত্যাশা যত কম করা যায়, ততই ভালো। হেসে বললেন, ‘আসলে প্রত্যাশা একটা নেগেটিভ জিনিস। নিজের বা কাছের মানুষের উপর প্রত্যাশা থাকুক। কিন্তু কাজের সবটুকু আমার হাতে নেই। একটা ধারাবাহিক কতদিন চলবে, দর্শকের ভালো লাগবে কি না, এগুলো তো পুরোটা আমার হাতে নেই। আমি একটা প্রজেক্টের অংশ। প্রথম থেকে প্রচুর প্রত্যাশা তৈরি হল। তারপর তা পূরণ না হলে উদ্বেগ, মনখারাপ হয়। আবার প্রত্যাশা পূরণ হলে প্রত্যাশা আরও বাড়তে থাকে। তাতে নিজের অজান্তেই কোথাও লোভ তৈরি হয়। ফলে প্রত্যাশাকে সুকৌশলে মাপা জরুরি। সেটা আমি তৈরি করেছি।’ তিনি মনে করেন, ‘প্রতিনিয়ত ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভা আসছে। নতুনদের স্বাগত জানাতে হবে। তবেই ইন্ডাস্ট্রিতে কাজ বাড়বে।’
স্বরলিপি ভট্টাচার্য