Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রাইব্যুনালে অনলাইনে আবেদন করতে পারবেন ‘বাদ’ ভোটাররা, নিষ্পত্তি কত দিনের মধ্যে, ধোঁয়াশা

বিচারাধীন ভোটারদের তিনটি তালিকা প্রকাশের পর অবশেষে হুঁশ ফিরল কমিশনের। দেশের শীর্ষ আদালত আগেই জানিয়েছিল বিচারাধীনদের মধ্যে যেসব ভোটারদের নাম বাদ যাবে

ট্রাইব্যুনালে অনলাইনে আবেদন করতে পারবেন ‘বাদ’ ভোটাররা, নিষ্পত্তি কত দিনের মধ্যে, ধোঁয়াশা
  • ২৯ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিচারাধীন ভোটারদের তিনটি তালিকা প্রকাশের পর অবশেষে হুঁশ ফিরল কমিশনের। দেশের শীর্ষ আদালত আগেই জানিয়েছিল বিচারাধীনদের মধ্যে যেসব ভোটারদের নাম বাদ যাবে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্ট উল্লিখিত এই ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছিল গত ২১ মার্চ। রাজ্যের মোট ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা হয়েছে। বলা হয়েছিল, অনলাইন এবং অফলাইনে আবেদন জানানো যাবে। কিন্তু তিনটি অতিরিক্ত তালিকা প্রকাশের পরও যাঁরা বাদ পড়েছেন, তাঁরা কোনোভাবে ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারছিলেন না। অবশেষে অনলাইনে আবেদন জানানোর জন্য পোর্টাল খুলে দিল কমিশন। কীভাবে আবেদন করতে হবে, তাও জানানো হয়েছে কমিশনের তরফে।

Advertisement

বলা হয়েছে, কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে ট্রাইব্যুনালে। কমিশনের ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট ‘অপশন’ রয়েছে। সেখান থেকেই অনলাইনে ট্রাইব্যুনালের আবেদন করা যাবে। আবেদন করতে গেলে প্রথমে মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করতে হবে আবেদনকারীকে। লগ-ইনের জন্য সংশ্লিষ্ট মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পরই লগ-ইন করা যাবে। এরপরে এপিক নম্বর দিয়ে ‘সার্চ’ করলেই ভোটারের নাম দেখা যাবে। লগ-ইন করার পর আবেদনপত্রে চারটি শূন্যস্থান পূরণ করতে হবে আবেদনকারীকে। প্রথমে, সংশ্লিষ্ট ভোটারের পিন কোড সহ পুরো ঠিকানা উল্লেখ করতে হবে। তবে মনে রাখতে হবে, সেটা যেন ২৫০ শব্দের বেশি না হয়। কেন আপিল করছেন, তা এক হাজার শব্দে লিখতে হবে আবেদনকারীকে। কী চাওয়া হচ্ছে, তা ৫০০ শব্দের মধ্যে লিখে জানাতে হবে। শেষে সংশ্লিষ্ট আবেদনকারীকে জানাতে হবে, তিনি কোন জায়গার ভোটার ছিলেন। সব পূরণ করার পর তা ‘সাবমিট’ করলে আবেদন সম্পূর্ণ হবে। 
যদিও আবেদন জমা দেওয়ার পর তা কত দিনে নিষ্পত্তি হবে এবং ট্রাইব্যুনালের কার্যালয় কোথায় হবে, তা নিয়ে এখনও কমিশনের তরফে কিছুই জানানো হয়নি। ফলে অনলাইনে আবেদনের রাস্তা খোলা হলেও বাদ পড়া ভোটারদের ভোগান্তি অব্যাহত।

Advertisement
সম্পর্কিত সংবাদ