Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

দীঘায় জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার পর দীঘায় প্রথম রথযাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে। উদ্বোধনের পর ৫৯ দিনের ব্যবধানে ফের দীঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রায় অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিদেশ থেকে প্রায় ৫০জন ইস্কন ভক্ত এই রথযাত্রায় শামিল হবেন বলে মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত এবং ট্রাস্ট কমিটির অন্যতম কর্মকর্তা রাধরমন দাস জানিয়েছেন। এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং অন্য জেলা থেকেও বহু ভক্ত দীঘায় জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রার সাক্ষী থাকতে চান। এই মুহূর্তে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ২৭জুন সকাল ১১টায় ‘পাহান্ডি বিজয়’-এর আয়োজন হবে। দুপুর ১টায় উদ্বোধনের পর রথযাত্রা শুরু হবে। মুখ্যমন্ত্রী সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার উদ্বোধন করবেন। রথযাত্রার আয়োজন ঘিরে প্রাক-প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুক্রবার হিডকো ভবনে এনিয়ে প্রস্তুতি বৈঠক হয়। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজী এবং পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য অনলাইনে ওই মিটিংয়ে ছিলেন। আজ, শনিবার দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে জেলা প্রশাসনিক পর্যায়ের প্রস্তুতি মিটিং হবে। এছাড়াও ১০জুন ট্রাস্ট কমিটির একটি গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছে।
ওড়িশা থেকে দক্ষ মিস্ত্রিরা এসে দীঘা জগন্নাথ মন্দির চত্বরে তিনটি সুউচ্চ রথ তৈরি করেছেন। তিনটি আলাদা রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি যাবেন। দীঘার পুরনো জগন্নাথ মন্দিরকে মাসির বাড়ি করা হয়েছে।  সেখানেই সাতদিন থাকবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। দীঘায় পবিত্র রথের দড়িতে টান দিতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটতে চলেছে। সেই উপলক্ষ্যে প্রশাসনিক সব ধরনের প্রস্তুতি তুঙ্গে। রাশিয়া, আমেরিকা, ইউক্রেন সহ বিভিন্ন দেশ থেকে ইস্কন ভক্তরা এই রথযাত্রায় অংশ নেবেন। প্রায় ৫০জন বিদেশি ভক্ত থাকবেন বলে রাধারমনবাবু জানান। দেশ-বিদেশের ভক্তদের উপস্থিতিতে দীঘায় এবারে রথযাত্রা এককথায় ঐতিহাসিক হতে চলেছে।  রথযাত্রা উপলক্ষ্যে দীঘায় হোটেল বুকিংয়ের চাহিদাও ব্যাপক। দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, এবার দীঘায় রথযাত্রা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ব্যাপক। রথযাত্রার সময় হোটেল পাওয়া যাবে কিনা তানিয়ে বহু ফোন আসছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ