মেট্রোয় সিট নিয়ে বিবাদ, চড়-ধাক্কার জেরে মৃত্যু! কাঠগড়ায় প্রাক্তন আইএএস
  • ১২ অক্টোবর, ২০২৬ ১১:৪১
Prefer us on Google

নয়াদিল্লি, ১২ অক্টোবর: মেট্রো ট্রেনে একটি সিটকে কেন্দ্র করে বচসা। তার জেরেই চরম পরিণতি। প্রবীন নাগরিকদের জন্য সংরক্ষিত আসনে বসাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক ব্যক্তিকে চড় মারা ও ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল এক প্রাক্তন আইএএস আধিকারিক এবং তাঁর ছেলের বিরুদ্ধে। ঘটনার পর মাথায় গুরুতর চোট পেয়ে মৃত্যু হল ৪৮ বছরের এক ব্যক্তির। নাম পবন শর্মা। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়ছে দুই অভিযুক্তকে। ঘটনাটি ঘটে দিল্লির সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ৮ অক্টোবর মৃত পবন শর্মার সঙ্গে প্রাক্তন আইএএস আধিকারিক সঞ্জয় প্রতাপ সিং এবং তাঁর ছেলে সিদ্ধার্থ সিংয়ের বচসা শুরু হয়। অভিযোগ অনুযায়ী, প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষিত একটি সিটকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত। কথা কাটাকাটির মধ্যে পবনকে চড় মারার পাশাপাশি ধাক্কা দেন অভিযুক্তরা। এর ফলে তিনি মাটিতে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। ঘটনার পর মেট্রো কর্মীরা অ্যাম্বুলেন্সে করে পবন শর্মাকে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পবনের মা দুর্গা শর্মার অভিযোগের ভিত্তিতে গত ৯ অক্টোবর মামলা দায়ের করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ নম্বর ধারা এবং ৩(৫) নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত সঞ্জয় প্রতাপ সিং একজন প্রাক্তন আইএএস আধিকারিক। এর আগে একটি ঘুষের মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁকে গ্রপ্তার করেছিল। অন্যদিকে, তাঁর ছেলে সিদ্ধার্থ সিং সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় এফআইআর দায়েরের পরই দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে।