নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনিভাবে দখলদারি হলেও ইচ্ছেমতো উচ্ছেদ করা যায় না। আইন মেনেই পদক্ষেপ করতে হবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের জয়গাঁয় চা বাগানের জমিতে স্থলবন্দর তৈরি করতে চায় রাজ্য। প্রকল্পের জন্য সেখানকার শ্রমিক ও বাসিন্দাদের উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ। রাজ্যের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতি। সেই মামলাতেই শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, জনস্বার্থে কোনো সরকারি প্রকল্প হলেও আইন মেনেই সমস্ত কাজ করতে হবে। কেউ আইন এড়িয়ে যেতে পারে না। বিচারপতি ভট্টাচার্যর মন্তব্য, ‘কেউ ছোটো ঝুপড়িতে থাকুন বা বড়ো প্রাসাদে, প্রত্যেকেরই সমান আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। বরং যাঁরা ঝুপড়িতে থাকেন, তাঁদের সুরক্ষার বিষয়টি আরও বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত। কারণ, তাঁদের পাশে দাঁড়ানোর মতো অন্য কেউ নাও থাকতে পারেন। তাঁদের ভরসার একমাত্র জায়গা আদালত।’ দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, যদি সেখানে কোনো বেআইনি দখলদার থেকে থাকেন, তবে তাঁদের সরানোর জন্য সরকারকে অবশ্যই আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সওয়াল-জবাব শেষে হাইকোর্টের নির্দেশ, রাজ্য আইন মেনে স্থলবন্দর তৈরির কাজ চালিয়ে যেতে পারবে। তবে সরকারি প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার অর্থ এই নয় যে দেশের প্রচলিত আইন অমান্য করা যাবে। যদি কোনো বাড়ি বা কাঠামো ভাঙতে হয় বা কাউকে বসবাসের জায়গা থেকে উচ্ছেদ করতে হয়, তাহলে প্রশাসনকে অবশ্যই আইন মেনে চলতে হবে।



