বৈদ্যুতিন সরঞ্জামের দাম বাড়লেও ক্রেতার ঘাড়ে  চাপাতে নারাজ শোরুমগুলি, সঙ্গে হরেক অফার
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধনতেরসে সোনা-রুপো আর বাসন কেনার সঙ্গেই বৈদ্যুতিন সরঞ্জাম কেনায় ঝোঁক বেড়েছে ক্রেতাদের। কলকাতা থেকে জেলা, সর্বত্রই সংসারের প্রয়োজনীয় সরঞ্জামের শোরুম বা দোকানগুলিতে ভিড় বাড়ছে। এদিকে শিল্পমহল জানাচ্ছ, কাঁচামালের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে প্রায় সবধরনের বৈদুতিন সরঞ্জামের দামেও। বিক্রেতারা বলছেন, সেই বর্ধিত দাম মেটানোর দায় আপাতত ক্রেতাদের নেই। বরং উৎসবকেন্দ্রিক কেনাকাটায় দিনশেষে আর্থিকভাবে লাভবান হবেন ক্রেতারাই। 

Advertisement

শিল্পমহল জানিয়েছে, তামা, অ্যালুমিনিয়াম, ইস্পাত আর পরিবহণ খরচ বেড়ে যাওয়ায়  অক্টোবর থেকে এসি, টিভি, ফ্রিজের দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। এরপরও অবশ্য বড়ো ব্র্যান্ডগুলো অন্তত ১০ শতাংশ বিক্রি বৃদ্ধির আশা করছে। শোরুমগুলিতেও ক্রেতারা ভিড় জনাচ্ছেন। 
কলকাতা ও জেলার বড়ো শোরুমগুলিতে বিক্রেতারা এই দামবৃদ্ধির ধাক্কা সামলাতে তিনটি কৌশল নিয়েছেন। পুরানো মজুত পুরানো দামেই বিক্রি করা হচ্ছে, নতুন মজুতের উপর দেওয়া হচ্ছে উৎসবের বিশেষ ছাড়, আর তার সঙ্গে রয়েছে সহজ কিস্তির ব্যবস্থা।
খোসলা ইলেকট্রনিক্সের কর্ণধার মনীশ খোসলা বলেন, আমাদের কাছে যে স্টক আছে, তাতে দেওয়ালি পর্যন্ত আমরা পুরানো দামে দিতে পারব। তারপর নতুন দামেই কিনতে হবে ক্রেতাদের। মনীশবাবুর কথায়, এবার দামি ও বড়ো পণ্যের চাহিদা বেশি। তালিকায় আছে ৬৫ ইঞ্চি বা তার চেয়ে বড়ো সাইজের টিভি, বড়ো ফ্রিজ, অ্যাপেল ফোন বা ফ্রন্ট ওপেন ওয়াশিং মেশিন। যাঁদের বাজেট কম, তাঁরা কিনছেন ইনডাকশন ওভেন, ভ্যাকুয়াম ক্লিনার, ডিশ ওয়াশার, এয়ার ফ্রায়ার। ধনতেরসে রান্নাঘরের যন্ত্র হিসেবে মাইক্রো ওভেনের চাহিদাও যথেষ্ট ভালো, দাবি মনীশবাবুর। 
তিনি বলেন, এবার গ্রাহকের সাশ্রয়ের সুযোগ অনেক বেশি। নগদ ছাড়, মোটা অঙ্কের ক্যাশব্যাক, অল্প অঙ্কের দীর্ঘমেয়াদি ইএমআই যেমন আছে, তেমনই থাকছে হরেক উপহার। তালিকায় গাড়ি, প্রিমিয়াম বাইক, গোল্ড কয়েন, মোবাইল আছে। গ্রাহকের চারটি ইএমআইও মেটাতে হবে না। তাএমনকি এক্সচেঞ্জ অফারে এসিতে ১০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন ক্রেতারা, যে সুযোগ দুর্গাপুজোতেও ছিল না, দাবি করেছেন মনীশবাবু।
রাইপুর ইলেকট্রনিক্সের কর্ণধার রাজিন্দর সিং রাইপুর বলেন, দাম যে বাড়বে, আমরা তার পূর্বাভাস পেয়েছিলাম। তাই ২ থেকে ৪ শতাংশ দাম বাড়লেও, আমরা আগে থেকে স্টক তুলে রাখার কারণে পণ্যের দাম বাড়াইনি। বরং ক্রেতারা একটি পণ্য কিনলে পাঁচটি অফার পাবেন। তালিকায় আছে বিনামূল্যে বৈদুতিন সরঞ্জাম পাওয়ার সুযোগ, ৩ হাজার টাকার গিফট ভাউচার, ভলভো বাসের টিকিট, ক্যাশব্যক ও পাঁচটি বাইক জেতার সুযোগ। ডিসকাউন্টের পাশাপাশি পাঁচটি ইএমআইয়ে ছাড় পাবেন ক্রেতারা। 
গ্রেট ইস্টার্ন রিটেলের ডিরেক্টর পুলকিত বৈদ জানান, উৎসবের সময় মানুষ নতুন সরঞ্জাম কেনেন। তাই তাঁরা আর্থিক ছাড় দেবেনই। পাশাপাশি ভালো ইএমআই স্কিম দিয়ে ক্রেতার বোঝা কমাবেন। 
বিশেষজ্ঞরা বলছেন, ধনতেরসে নতুন কিছু কেনা এখন শুধু ধর্মীয় রীতি নয়, এটা ঘর সাজানোর আর দৈনন্দিন জীবন সহজ করার পরিকল্পনাও। পুরানো ফ্রিজ ঠিকমতো ঠান্ডা করছে না, ওয়াশিং মেশিন বারবার খারাপ হচ্ছে, এসব কারণেই অনেকে ধনতেরসের শুভ দিনটাকে বেছে নিচ্ছেন পুরানো সরঞ্জাম বদলে নতুন কেনার জন্য। তাই দাম বাড়লেও কলকাতা তথা বাংলায় এবারের ধনতেরসে টিভি, ফ্রিজ, এসির বাজার যে চাঙাই থাকবে, তা নিয়ে বিক্রেতারা এখন অনেকটাই নিশ্চিত।