Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

এশিয়ান হাইওয়ে অবরোধ চাষিদের, ঘটনাস্থলে এসে তোপের মুখে তৃণমূল নেতা

এশিয়ান হাইওয়ে অবরোধ চাষিদের, ঘটনাস্থলে এসে তোপের মুখে তৃণমূল নেতা
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ধূপগুড়ি: রাস্তা অবরোধ তুলতে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। তাঁকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অবরোধকারীরা। ‘চোর চোর’ স্লোগান দিয়ে অঞ্চল সভাপতির উপর চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ। অবশেষে পালিয়ে বাঁচেন ওই নেতা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে ধূপগুড়ির বামনি ব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়ে-৪৮ এ। 
Advertisement
স্থানীয় রাস্তার বেহাল দশা নিয়ে এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ অবরোধ করেন মাগুরমারি-১ গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারির কৃষকরা। অভিযোগ, গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায়। বিষয়টি নিয়ে অতীতে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কাজ কিছুই হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা অবরোধ করেন। কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে নাজেহাল হতে হচ্ছে। জমির ফসল হাটে নিয়ে যেতে সমস্যা হচ্ছে। ভাঙা রাস্তায় ছোটখাট দুর্ঘটনা ঘটেই চলেছে। 
এদিকে, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মাগুরমারি-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি প্রফুল্ল রায়। স্থানীয় জনপ্রতিধিদের বলেও কাজ হয়নি। তাই তৃণমূল নেতাকে দেখে বিক্ষোভ কয়েকগুণ বেড়ে যায়। প্রফুল্লবাবু তাঁদের আশ্বস্ত করতে গেলে ‘আগুনে ঘি’ পড়ে। তাঁর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় অবরোধকারীদের। একসময় অঞ্চল সভাপতিকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে পুলিস আসে। দীর্ঘক্ষণ আলোচনার পর পুলিসি আশ্বাস পেয়ে দেড়টা নাগাদ চাষিরা অবরোধ তুলে নেন। 
অবরোধকারীদের পক্ষে নূর আলম বলেন, আমাদের ভীষণ সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে বারবার প্রশাসনকে জানিয়েছি, জনপ্রিতনিধিদের বলেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অঞ্চল সভাপতি বলেন, আমি কাজে যাচ্ছিলাম। এলাকার সমস্যা শুনে কথা বলার জন্য দাঁড়াতেই কিছু লোক দুর্ব্যবহার করে। আমার কথা না শুনে কার্যত তারা তাড়িয়ে দেয়। তবে রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান বনশ্রী রায়। তিনি বলেন, খুব শীঘ্রই ওই রাস্তা মেরামত করা হবে। 
এদিন ব্যস্ত এশিয়ান হাইওয়ে অবরোধের কারণে রাস্তার দু’দিকে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে। গাড়ি চলাচল স্বাভাবিক হতে দুপর ২টো গড়িয়ে যায়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ