Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএফআইয়ের বিরুদ্ধে সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা দায়ের

এসএফআইয়ের বিরুদ্ধে সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা দায়ের
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: পরীক্ষা চলাকালীন কলেজ চত্বরে ‘তাণ্ডব’ চালাল এসএফআই। বাম ছাত্রদের পতাকার ডান্ডার আঘাতে দাঁত ভাঙে বারাসত থানার এক পুলিসকর্মীর। এই ঘটনায় বুধবার বিকেলে বারাসত থানায় লিখিত অভিযোগে দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ। বারাসত সরকারি কলেজের তরফেও বারাসত থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিসের পক্ষ থেকেও করা হয়েছে স্বতঃপ্রণোদিত মামলা।
Advertisement
কলেজে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে মঙ্গলবার দুপুরে বারাসতের দু’টি কলেজে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন এসএফআই। বারাসত সরকারি কলেজের গেট বন্ধ থাকা সত্ত্বেও গেটের বাইরে থেকে তারা হামলা চালিয়েছিল বলে অভিযোগ। কলেজের গেট ভাঙচুর ও ভিতরে ইট ছোড়া হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে বুধবার বিকালে কলেজে হামলা চালানোর অভিযোগে তুলে এসএফআইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে টিএমসিপি।
এনিয়ে টিএমসিপি নেতা কৌশিক কর্মকার বলেন, এসএফআই কলেজের সম্পত্তি নষ্ট করেছে। ওদের ছোড়া ইটে আমাদের কর্মীরা কমবেশি জখম হয়েছেন। অভিযোগ অস্বীকার করে এসএফআই নেতা বিপ্রজিৎ ঘোষ বলেন, ভিত্তিহীন অভিযোগ। কলেজের কোনও সম্পত্তি নষ্ট করা হয়নি। শান্তিপূর্ণ প্রতিবাদকে অশান্ত করেছে তৃণমূল। বারাসত থানার পুলিস জানিয়েছে, দুই ছাত্র সংগঠন, কলেজের পক্ষ থেকে অভিযোগ হয়েছে। আর পুলিস স্বতঃপ্রণোদিত পৃথক মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ