Bartaman Logo
২৭ মে, ২০২৬

এফডি: সুদ কমার সম্ভাবনা ক্ষীণ

এফডি: সুদ কমার সম্ভাবনা ক্ষীণ
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: নগদ জোগাতে হিমশিম ব্যাঙ্কগুলিকে দিনকয়েক আগে কিছুটা স্বস্তি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কমানো হয়েছে ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর। এর উদ্দেশ্য হল যাতে ব্যাঙ্কগুলির হাতে বেশি করে নগদ থাকে এবং সেই টাকায় তারা আরও ঋণ দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, সিআরআর কমার ফলে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকার মতো নগদ বাড়বে ব্যাঙ্কগুলির কাছে। তাহলে বিভিন্ন ব্যাঙ্ক এবার কি স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হারে কাটছাঁট শুরু করবে? উঠছে সেই প্রশ্ন। যদিও সেই সম্ভাবনা কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত নগদের জোগান অব্যাহত রাখার তাগিদ থেকে এতদিন ব্যাঙ্কগুলি এফডিতে সুদের হার বাড়িয়েছিল। ফিক্সড ডিপোজিটে আমানতের জন্য উৎসাহিত করার লক্ষ্যেই আকর্ষণীয় সুদ দেওয়া হচ্ছিল। বিশেষজ্ঞদের মতে, এফডি-তে সুদের হার বৃদ্ধির দিন হয়তো এবার শেষ হতে চলেছে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট (যে হারে ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক) হ্রাস না করা পর্যন্ত ওই সুদের হার কমার সম্ভাবনা কম। কারণ এফডিতে সুদের হার কমলে আমানতে টান পড়ার আশঙ্কা থাকবে। এমন পরিস্থিতিতে ব্যাঙ্কগুলি ভবিষ্যতের জন্য নগদের জোগান অব্যাহত রাখতে চাইবে। ফলে তাড়াহুড়ো করে তারা সুদ কমানোর ঝুঁকি নেবে না বলে মনে করছেন তাঁরা। লগ্নিকারীদের আকৃষ্ট করতে সম্প্রতি বিশেষ এফডি প্রকল্প চালু করেছে একাধিক ব্যাঙ্ক। যেমন অমৃত বৃষ্টি স্কিমে ৪৪৪ দিনের আমানতে ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে এসবিআই।
Advertisement
সম্পর্কিত সংবাদ