নয়াদিল্লি: এফআইআর না হলেও কি আর্থিক তছরূপ সংক্রান্ত মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর রয়েছে? বিষয়টি খতিয়ে দেখতে সম্মত হল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস জারি করেছে। মাদ্রাজ হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সংস্থাটি। অবৈধ বালি উত্তোলনে অভিযুক্ত এক ঠিকাদারের বিরুদ্ধে ইডির পদক্ষেপ নিয়ে নিষেধাজ্ঞা জারি করে মাদ্রাজ হাইকোর্ট। শীর্ষ আদালতে ইডি দাবি করে, সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে আর্থিক তছরূপ সংক্রান্ত আইনেই সংস্থাটিকে ক্ষমতা দেওয়া হয়েছে। ওই আইন অনুযায়ী, কোনও ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে প্রাথমিকভাবে এফআইআর দায়ের করতে হয়। কিন্তু একবার আর্থিক তছরূপের তদন্ত শুরু হলে, আর এফআইআর না করেই সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে ইডি। এই বিষয়টিই কতটা যুক্তিযুক্ত তা খতিয়ে দেখতে চাইছে শীর্ষ আদালত। আগামী বছরের ফেব্রুয়ারিতে ফের এই মামলার শুনানি হবে।



