নয়াদিল্লি: পুলিস কনস্টেবল কিরণ পালকে ছুরি মেরে খুন। এই ঘটনায় পুলিসের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল এক অভিযুক্তর। শনিবার রাতে দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকায় গুলির লড়াইয়ে মারা যায় রাঘব নামে অভিযুক্ত। গত শুক্রবার রাতে গোবিন্দপুরী এলাকায় মোটর সাইকেলে করে টহল দিচ্ছেলেন ২৮ বছরের কনস্টেবল কিরণ পাল। ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি স্কুটারের তিন আরোহীকে দেখে সন্দেহ হয় তাঁর। স্কুটার থামতে বলেন কিরণ। কিন্তু আরোহীরা সেকথা শোনেনি। উল্টে কিরণকে লক্ষ্য করে পাথর ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে তারা। কিন্তু কনস্টেবল কিরণ স্কুটারটিকে ধরে ফেলে চাবি কেড়ে নেন। তা নিয়ে আরোহীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। এরই মাঝে এক স্কুটার আরোহী কিরণকে এলোপাথাড়ি ছুরি দিয়ে কোপাতে থাকে। ওই অবস্থায় কিরণকে দেখে নিকটবর্তী পুলিস বুথ থেকে ছুটে আসেন সহকর্মীরা। এরইমধ্যে চম্পট দেয় বাইক আরোহীরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশের বুলন্দ শহরের বাসিন্দা ওই পুলিস কনস্টেবলকে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় শনিবারই পুলিস গ্রেপ্তার করে দীপক ম্যাক্স (২০) ও কৃষ গুপ্ত নামে দুই অভিযুক্তকে। এরপর রাতে তৃতীয় অভিযুক্ত রাঘবকে ধরতে সঙ্গম বিহারে হাজির হয় পুলিসের টিম। তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু পুলিসকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে রাঘব। পুলিসের পাল্টা গুলিতে মৃত্যু হয় তার।



