রায়পুর: ছত্তিশগড়ের মাওবাদী বিরোধী অভিযানে ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর। শুক্রবার বিজাপুর জেলায় গুলির লড়াইয়ে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে। জেলার পুলিস সুপার জিতেন্দ্র কুমার যাদব জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন সকালে নেন্দ্রা ও পুন্নুর গ্রামের জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি বেগতিক বুঝে মাওবাদীরা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালালে দু’পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। এর জেরে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। আরও কেউ জঙ্গলে লুকিয়ে রয়েছে কি না, তা দেখতে জারি রয়েছে তল্লাশি। এর আগে বৃহস্পতিবার রাজ্যের নারায়ণপুরে বড়সড় সাফল্য পায় নিরাপত্তা বাহিনী। এদিন ভোররাত ৩ টে নাগাদ গুলির লড়াইয়ে সাত মাওবাদী প্রাণ হারায়।



