Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

এনজেপি থানার সাফল্য, ৫ কেজি ৩০০ গ্রাম আফিম সহ ধৃত অসমের চারজন

বিপুল পরিমাণ আফিম সহ চার পাচারকারীকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম বখতিয়ার আলি, আবু বক্কর, নাসির আলি, ওয়াহিদ আলি। তারা সকলে অসমের বাসিন্দা।

এনজেপি থানার সাফল্য, ৫ কেজি ৩০০ গ্রাম আফিম সহ ধৃত অসমের চারজন
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিপুল পরিমাণ আফিম সহ চার পাচারকারীকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম বখতিয়ার আলি, আবু বক্কর, নাসির আলি, ওয়াহিদ আলি। তারা সকলে অসমের বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে ৫ কেজি ৩০০ গ্রাম আফিম উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর পাচারকারীদের শিলিগুড়ির কাছে ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস থেকে গ্রেপ্তার করে পুলিস। 
Advertisement
সন্ধ্যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিস জানতে পারে ফুলবাড়ি হয়ে বিপুল পরিমাণ মাদক সামগ্রী একটি গাড়িতে করে পাচার করা হচ্ছে। খবর পেয়েই দ্রুত ফুলবাড়ি-ঘোষপুকুর এলাকায় পৌঁছয় পুলিসের টিম। ওত পেতে থাকে তারা। 
সন্ধ্যার পর ওই এলাকা দিয়ে অসম নম্বরে একটি গাড়ি আসতে দেখেন তাঁরা। গাড়িটিকে আটকে তল্লাশি করতেই গাড়ির ভিতর থেকে ৫ কেজি ৩০০ গ্রাম আফিম উদ্ধার হয়। গাড়িতে থাকা চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়, অসম থেকে ওই আফিম নিয়ে তারা শিলিগুড়ির দিকে আসছিল। সেখান থেকে অন্য কোথাও পাচার করা হবে বলেই জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা। তবে আফিমের উৎস বা পাচার কোথায় করা হতো সেই সম্পর্কে মুখ খুলতে চায়নি ধৃতরা। এই ঘটনার সঙ্গে শিলিগুড়ির কোনও চক্র যুক্ত আছে কি না তাও প্রাথমিকভাবে জানায়নি অভিযুক্তরা। 
পুলিস জানিয়েছে, আজ শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এরপরই তদন্ত করে দেখা হবে চক্রের পান্ডা কে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আফিম পাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের হেফাজতে নেওয়ার পর চক্রের বাকি সদস্যদের ধরতে আমরা অভিযান চালাব।  
Advertisement
সম্পর্কিত সংবাদ