Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

পিছিয়ে পড়েও জিতল ইংল্যান্ড

বিশ্বকাপে ইংল্যান্ড শুরুতে পিছিয়ে পড়েও কঙ্গোকে ২-১ হারাল। হ্যারি কেনের জোড়া গোলে থ্রি লায়ন্সের জয়। বিস্তারিত পড়ুন।

পিছিয়ে পড়েও জিতল ইংল্যান্ড
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইংল্যান্ড- ২          :             কঙ্গো- ১

Advertisement

আটলান্টা: বিফলে গেল কঙ্গোর দুরন্ত লড়াই। বুধবার রাউন্ড অব ৩২’এর ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়েও দুরন্ত জয় তুলে নিল ইংল্যান্ড। জোড়া গোলে থ্রি লায়ন্সের নায়ক সেই হ্যারি কেন। চলতি বিশ্বকাপে পঞ্চম গোলটি সেরে ফেললেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর এই ম্যাচ উইনিং পারফরম্যান্স সত্ত্বেও আফ্রিকার দলটির লড়াইকে কুর্ণিশ। ম্যাচের সাত মিনিটেই ব্রায়ান সিপেঙ্গার গোলে লিড নিয়েও শেষ পর্যন্ত তা ধরে রাখতে ব্যর্থ তারা। 
চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই এক আফ্রিকান দেশের বিরুদ্ধে পয়েন্ট খুইয়েছিল ইংল্যান্ড। গ্রুপ পর্বে ঘানার সঙ্গে গোলশূন্য ড্রয়ে হতাশা বাড়িয়েছিলেন হ্যারি কেনরা। বুধবারও ফেভারিট হিসেবে মাঠে নেমে শুরুতে পিছিয়ে পড়ে রীতিমতো খাবি খেতে থাকে ইংল্যান্ড। গতির বিপরীতে গোল তুলে নেয় কঙ্গো। সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন সিপেঙ্গা। মাঝমাঠের ডানপ্রান্ত থেকে আড়াআড়ি ক্রস বাড়ান শঁসেল মেম্বা। সেই বল ধরে দুরন্ত শটে জাল কাঁপান সিপেঙ্গা (১-০)। এক্ষেত্রে প্রথম পোস্টে থেকেও দলের পতন আটকাতে ব্যর্থ গোলকিপার পিকফোর্ড।
ম্যাচের শুরু থেকেই কঙ্গোর ফিজিক্যাল ফুটবলের সামনে বারবার আটকে যান বেলিংহ্যাম-মাদুকেরা। তারমধ্যেও প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে হাসি মুখেই বিরতিতে মাঠ ছাড়তে পারত থ্রি লায়ন্স। প্রথমার্ধের শেষলগ্নে ইংল্যান্ডের পেনাল্টি না পাওয়া নিয়ে দেখা দেয় বিতর্ক। ৪৩ মিনিটে বিপক্ষ বক্সে হ্যারি কেন পড়ে যেতেই স্পট-কিকের আবেদন করেন ইংল্যান্ড ফুটবলাররা। ভারের সাহায্য নিলেও তা নাকচ করেন রেফারি।
বিরতির পরও আরও বেশি আক্রমণাত্মক দেখায় ইংল্যান্ডকে। ৬১ মিনিটে সাকা ও গর্ডনকে এনে চাপ বাড়ান টুচেল। তাতেই আসে কাঙ্ক্ষিত গোল। ৭৫ মিনিটে গর্ডনের সেন্টার থেকে দলকে সমতায় ফেরান হ্যারি কেন (১-১)। লিড হাতছাড়া হতেই রক্ষণে লোক বাড়িয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় কঙ্গো। তবে ৮৬ মিনিটে দুরন্ত গোলে জয়ের জয় নিশ্চিত করেন সেই কেন (২-১)। টপ বক্সের মাথা থেকে তাঁর শট জালে জড়াতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ইংল্যান্ড অনুরাগীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ