Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘুষকাণ্ডে ধৃত ইঞ্জিনিয়ারের দেড় কোটির সম্পত্তি? নথি বাজেয়াপ্ত

ঘুষ নেওয়ার অভিযোগে ধৃত ইঞ্জিনিয়ারের ব্যক্তিগত ও পরিবারের নামে প্রায় দেড় কোটি টাকার সম্পত্তির নথি মিলল

ঘুষকাণ্ডে ধৃত ইঞ্জিনিয়ারের দেড় কোটির সম্পত্তি? নথি বাজেয়াপ্ত
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ঘুষ নেওয়ার অভিযোগে ধৃত ইঞ্জিনিয়ারের ব্যক্তিগত ও পরিবারের নামে প্রায় দেড় কোটি টাকার সম্পত্তির নথি মিলল। দিনকয়েক আগে চুঁচুড়ায় জেলা পরিষদ ভবন থেকে সুমন দাস নামে ওই ইঞ্জিনিয়ারকে রাজ্য দুর্নীতি দমন শাখার পুলিশ গ্রেপ্তার করে। সেইদিন রাতে এবং তারপরেও একাধিকবার ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। তল্লাশিতে ৭৩টি আর্থিক লেনদেন সংক্রান্ত ও সম্পত্তির নথি মিলেছে। তদন্তকারীদের দাবি, তাতে প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকার স্থাবর, অস্থাবর সম্পদের হদিশ মিলেছে। যা গত পাঁচবছরে ওই ইঞ্জিনিয়ার সংগ্রহ করেছিলেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে রাজ্য দুর্নীতি দমন শাখা জানিয়েছে, ৬ ও ৭ অক্টোবর সরেজমিন তদন্ত করে সত্তরের বেশি নথি মিলেছে। স্থাবর-অস্থাবর সম্পত্তিজনিত সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। নির্দিষ্ট আইন মেনে তদন্ত করা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, এক ঠিকাদারের কাছে ২০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে পঞ্চায়েতের কাজের দায়িত্বপ্রাপ্ত ওই ইঞ্জিনিয়ারকে হাতেনাতে ধরেছিল দুর্নীতি দমন শাখার পুলিশ। রীতিমতো ফাঁদ পেতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল।
পরে বিষয়টিতে রাজনৈতিক রঙও লাগে। বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতির সঙ্গে ওই ধৃত ইঞ্জিনিয়ারের একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়। এনিয়ে সরব হয়েছিল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। বিজেপি সভাপতি বিবৃতি দিয়ে ওই ছবি নিয়ে তাঁর দায় ঝেড়ে ফেলেন। এদিকে, সুমন দাসের জীবনচর্চা যেমন পুলিশের তদন্তের আতশকাচের তলায় কাটাছেঁড়া চলছে তেমনই নাগরিক মহলেও চর্চা শুরু হয়েছে। বড়বাজার এলাকায় সুমন দাসের বাড়ি। ওই এলাকারই বাসিন্দা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় (রাম) বলেন, ওই ব্যক্তির চলাফেরা খুবই সাধারণ ছিল। তিনি ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন শুনে একটু অবাকই হয়েছি। অন্যদিকে, হুগলির ঠিকাদারদের একটি সংগঠনের সম্পাদক গৌর সামন্ত বলেন, সম্পত্তি আছে বলেই কেউ অপরাধী হয়ে যায় না। আশা করব প্রকৃত সত্য প্রকাশ্যে আসবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ