নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড সাত লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন। বিজেপির তরফে বারে বারে অভিযোগ তোলা হয়েছে। ভোট লুট করে জিতেছেন অভিষেক। এবার আগামী লোকসভা ভোটে এই আসনে অভিষেক হারবেন বলে ভবিষ্যদ্বাণী করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে এটাও জানিয়ে দিলেন, বিজেপির মার্জিন কোনোভাবেই সাত লক্ষ হবে না। বৃহস্পতিবার আমতলায় ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, উনি ভয়ে আছেন। আগামী লোকসভা নির্বাচনে যদি উনি ভোটে দাঁড়ানোর সাহস দেখান তাহলে এই সাত লক্ষ ভোটের ফানুস চুপসে যাবে। এখান থেকে উনি গোহারা হারবেন। আগে অভিষেক দুর্নীতি করেই জিতেছিলেন। তবে বিজেপির জয়ের মার্জিন সাত লক্ষ হবে না সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি।



