নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এন আর এস মেডিক্যাল কলেজে উচ্চশিক্ষার আসন বাড়ল। এমডি এবং ডিএম—দুই ধরনের উচ্চশিক্ষার আসনই সেখানে বাড়ল। কমিউনিটি মেডিসিনের ৫টি এমডি আসন বেড়েছে। অ্যানাস্থেসিয়ায় বেড়েছে ৪টি এমডি আসন। অন্যদিকে প্লাস্টিক সার্জারি এবং কার্ডিওথোরাসিক অ্যানাস্থেসিয়া (সিটিভিএ) বিভাগের ডিএম আসন বেড়েছে। প্লাস্টিক সার্জারিতে নতুন ২টি ডিএম আসন বৃদ্ধি পাওয়ায় তা বেড়ে হল ৩। অন্যদিকে সিটিভিএ বিভাগের ডিএম সিট বাড়ল ১টি। যদিও ফের এন আর এস-এর নেফ্রোলজিতে ডিএম আসন বৃদ্ধির আবেদন নাকচ করে দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। নেফ্রোলজিতে ৩টি আসনকে বাড়িয়ে ৫ করার দাবি করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত লোকবল না থাকায় সেই আবেদন খারিজ করে দিয়েছে কমিশন। লোকবল যে নেই, তা ধরা পড়েছে বায়োমেট্রিক পরীক্ষাতেই।



