Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এলাকায় ঘুরে আবাস সহ বিভিন্ন কাজ দেখলেন জঙ্গিপুরের বিধায়ক

এলাকায় ঘুরে আবাস সহ বিভিন্ন কাজ দেখলেন জঙ্গিপুরের বিধায়ক
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: আবাস নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ উঠতেই জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কাউকে টাকা না দিতে বলছেন। কেউ টাকা চাইলে তাঁর কাছে অভিযোগ জানাতে বলেছেন। অভিযোগ প্রমাণ হলে পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন বিধায়ক। যোগ্য ব্যক্তিরা বাড়ি পেয়েছেন কিনা তা এলাকায় গিয়ে ঘুরে দেখছেন তিনি। বাড়ির টাকা সঠিকভাবে ব্যাবহার হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন। যোগ্য হওয়া সত্ত্বেও বাড়ি না পেলে তাকে বাড়ি দেওয়ার আশ্বাসও দেন তিনি। এলাকার সমস্যার সমাধান করারও আশ্বাস দেন তিনি। এলাকায় দুর্নীতির অভিযোগ পেলেই নিজে খোঁ‌জ ঩নিচ্ছেন বিধায়ক। নিয়ম মেনে কাজ না হলে ফের সেই কাজ করার নির্দেশ দিচ্ছেন। বিধায়ক বলেন, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে এলাকায় যাচ্ছি। অনেক মানুষ আছেন, যাঁরা তাঁদের সমস্যার কথা উপযুক্ত স্থানে বলতে পারেন না। আমি বলেছি, কাউকে একটি টাকাও যেন কেউ না দেয়। অভিযোগ মিললেই তদন্ত হবে, দোষ প্রমাণ হলে পদক্ষেপ করা হবে।
Advertisement
গত এক সপ্তাহে রঘুনাথগঞ্জের কানুপুর ও জরুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যান জাকির। তক্ষক ও বাঘা এলাকার প্রতিটি উপভোক্তার বাড়ি গিয়ে খোঁজ নেন। আবাসের ঘর পেয়েছেন এমন উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। কোনও নেতা কাটমানি দাবি করছে কিনা, তারও খোঁজ নেন। প্রথম কিস্তির টাকায় কতটুকু কাজ হয়েছে তাও খতিয়ে দেখেন। জামুয়ার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়ও যান তিনি। বিধায়ককে কাছে পেয়ে গ্রামবাসীরা পানীয় জলের জন্য একটি সাবমার্সিবলের দাবি জানান। এলাকায় জলের সমস্যা না থাকলেও পানীয় জলের আরও একটি সাবমার্সিবল পেলে এলাকাবাসীর সুবিধে হয়। গৃহবধূ অনিমা মণ্ডল বলেন, জল নিতে দূরে যেতে হয়। সেখানেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এছাড়াও জঙ্গিপুর শহরের ২, ৩, ১২, ১৮ ও ২০ নম্বর ওয়ার্ডে রাস্তা, ড্রেন সহ বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিনিয়ারকে ডেকে শিডিউল মেনে কাজ বুঝিয়ে দিতে বলেন। তারপর নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেন। ফের তিনি কাজ খতিয়ে দেখবেন বলেও জানান। কানুপুর পঞ্চায়েতের প্রধান মেহের শেখ বলেন, বিধায়ক তাঁর দায়িত্ব পালন করেছেন। আমরাও চাই যোগ্য ব্যক্তিরা বাড়ি পাক।
Advertisement
সম্পর্কিত সংবাদ