আটালান্টা: চলতি বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই রেফারিং নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। আর্জেন্তিনার খেলা থাকলে তো কথাই নেই। মাঠ থেকে ভার— সব সিদ্ধান্ত নিয়েই অসন্তোষ প্রকাশ করেছে প্রতিপক্ষ শিবির। এমন পরিস্থিতিতে চর্চায় উঠে এসেছেন সেমি-ফাইনালের রেফারি ইসমাইল এলফাত। চলতি আসরে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও দেখা দিয়েছিল বিতর্ক। গ্রুপ পর্বে স্পেন-উরুগুয়ে ম্যাচে নিকো উইলিয়ামসকে গুরুতর ফাউল করেন বেনতাঙ্কুর। তবে স্রেফ হলুদ কার্ড দেখিয়েই ছেড়ে দেন তিনি। সেই ম্যাচের শেষ লগ্নে কানোবিওকে লাল কার্ড দেখান এলফাতে। একইসঙ্গে ব্রাজিল-নরওয়ে ম্যাচে সেলেকাওদের প্রথম পেনাল্টির ক্ষেত্রে বাঁশি বাজাননি তিনি। ভারের সাহায্য নিয়ে সিদ্ধান্ত বদলান। তাই বুধবার ম্যাচ কতটা কঠিন হাতে পরিচালনা করতে পারেন ৪৪ বছর বয়সি এই রেফারি, সেটাই দেখার।



