Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চারদিন পর বিদ্যুত্ ফিরল পিরোজপুরে

চারদিন পর বিদ্যুত্ ফিরল পিরোজপুরে
  • ৪ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, কালিয়াগঞ্জ: চারদিন ধরে অন্ধকারে ডুবে ছিল রায়গঞ্জ শহর লাগোয়া পিরোজপুর। স্থানীয়দের অভিযোগ, পনেরো দিন আগে বসানো নতুন ট্রান্সফরমার চারদিন আগে ঝড়বৃষ্টিতে বিকল হয়ে যায়। বিষয়টি বিদ্যুৎ বণ্টন সংস্থাকে বারবার  জানানোর পরও ট্রান্সফরমার সারানো হয়নি। এ নিয়ে বিদ্যুৎ বণ্টন সংস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে তাঁরা আন্দোলনে নামতেই হুঁশ ফেরে কর্তৃপক্ষের। ট্রান্সফরমার নিয়ে এলাকায় হাজির সংস্থার লোকজন। শেষপর্যন্ত এদিন বিকেলের মধ্যে ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়।

Advertisement

কর্ণজোড়ায় জেলাশাসকের বাংলোর কয়েকশো মিটার দূরত্বে পিরোজপুর গ্রাম। অন্তত পাঁচশো থেকে ছশো পরিবারের বাস সেখানে। চারদিন আগের ঝড়-বৃষ্টিতে সেখানে ট্রান্সফরমার বিকল হয়ে যায়। পিরোজপুর গ্রামের বাসিন্দা সুভাষ সরকার বলেন, দিন ১৫ আগে ঝড় বৃষ্টি ও ঘনঘন বাজ পড়ার কারণে আমাদের এলাকায় একবার ট্রান্সফর্মার বিকল হয়ে যায়। তখন বিদ্যুৎ বণ্টন সংস্থাকে বারবার জানানোর পর কাজ হয়। এরপর চারদিন আগের ঝড় বৃষ্টির সময় ফের ট্রান্সফরমার বিকল হয়। আমাদের গ্রাম পুরোপুরি অন্ধকারে ডুবে যায়। গ্রামের কেউ কেউ টোটো চালান, তাঁরা টোটোর ব্যাটারি চার্জ করতে পারছেন না। মোবাইল ফোন চার্জ দিতে পাশের গ্রামে ছুটে যেতে হচ্ছে। অসহ্য গরমে প্রাণ ওষ্ঠাগত। বাধ্য হয়ে প্রথমে গ্রামের রাস্তায় জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করি। পরিকল্পনা ছিল বোগ্রাম মোড়ে রাস্তা অবরোধের। এ ব্যাপারে আমার পুলিসকে জানাতেই তাঁরা আমাদের অনুরোধ করেন। আরও একটু সময় চান আমাদের কাছ থেকে। শেষপর্যন্ত দেখি পুলিসের মধ্যস্ততায় বিদ্যুৎ বণ্টন সংস্থার লোকজন এলাকায় আসেন। বিকল ট্রান্সফরমার বদলের কাজ শুরু করেন। ঘণ্টাখানেকের মধ্যে বিদ্যুৎ পরিষেবা সচল হয়। 
এদিকে, সোমবার রাতের ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পর কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল, অনন্তপুর, রাধিকাপুর গ্রামে রাতভর বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল। সকালের পর পরিষেবা স্বাভাবিক হয় বলে অভিযোগ স্থানীয়দের।
এ প্রসঙ্গে বিদ্যুৎ বণ্টন সংস্থার উত্তর দিনাজপুরের রিজিওনাল ম্যানেজার মানুচন্দ্র বর্মনের বক্তব্য, বিগত কয়েক সপ্তাহ ধরে মাঝে মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টিপাত চলছে। তাতে আমাদের অনেক এলাকায় পরিষেবা বিঘ্নিত হয়েছে। তার জন্য রাতদিন এককরে কাজ করছে আমাদের সংস্থা। দুই থেকে চারদিনে অন্তত ৩৩টি ট্রান্সফরমার বিকল হয়েছে। যার ফলে কিছুক্ষেত্রে সমস্যা হয়ে থাকতে পারে। তবে আমরা পরিষেবা স্বাভাবিক রাখতে সবসময় নজরদারি চালাচ্ছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ