নয়াদিল্লি: দ্রুত গতিতে আসা মার্সিডিজের ধাক্কা। তার জেরে গাড়ি ও ভ্যানের মাঝে চাপা পড়ে মৃত্যু হল বৃদ্ধার। মৃতের নাম উর্মিলা। শনিবারের এই মর্মান্তিক ঘটনাটি দিল্লির নারেলা অঞ্চলের। ঘাতক মার্সিডিজটি চালাচ্ছিল হরিয়ানা পুলিশের এক সাব-ইন্সপেক্টরের ছেলে। অভিযুক্তের নাম শুভম। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের সময় মদ্যপ অবস্থায় ছিল সে। গাড়ির ভিতর থেকে মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যে শুভমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলছে।
পুলিশ সূত্রের খবর, এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন উর্মিলা। মামুরপুরের হিমালয় অ্যাপার্টমেন্টের বাইরে একটি গাড়ির সঙ্গে শুভমের মার্সিডিজের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি একটি ভ্যানকে গিয়ে ধাক্কা মারে। ভ্যান ও গাড়ির মাঝে চাপা পড়ে যান উর্মিলা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জখম হয়েছেন দ্বিতীয় গাড়িটির চালকও। ঘটনার একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, শুভমের গাড়িতে মদের বোতল রাখা রয়েছে। তদন্তে জানা গিয়েছে, একদিন আগে এক বন্ধুর থেকে মার্সিডিজটি নিয়েছিল শুভম। গ্রেপ্তার করার পরেই তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, রিপোর্ট এলেই বোঝা যাবে অভিযুক্ত মদ্যপ ছিল কি না।