সংবাদদাতা, কুমারগ্রাম: বিয়ে বাড়ির জন্য শাল গাছের ডাল সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক বৃদ্ধের। জঙ্গল থেকে পালিয়ে প্রাণে বাঁচলেন চার জন। সোমবার কুমারগ্রাম ব্লকের সংকোশ বিটের ৩ নম্বর কম্পার্টমেন্টের জঙ্গলে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সানিয়া ওরাওঁ (৭৬)। সংকোশ চা বাগানের বড়া লাইনের বাসিন্দা ছিলেন তিনি। এলাকারই এক বিয়ের জন্য সানিয়া ওরাওঁ সহ পাঁচ জন জঙ্গলে যান শাল গাছের ডাল সংগ্রহ করতে। আদিবাসী রীতি অনুযায়ী বিয়েতে শাল গাছের ডাল সহ অন্যান্য গাছের ডাল সংগ্রহ করে পুজো করা হয়। এলাকার বয়স্ক নাগরিক সানিয়ার উপর দায়িত্ব পড়ে শাল গাছের ডাল সংগ্রহ করে আনার। জঙ্গলে ঢোকার পর হাতি সানিয়ার উপর আক্রমণ করে বসে। এই ঘটনা দেখে বাকি চার জন পালিয়ে প্রাণে বাঁচেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুমারগ্রাম থানার পুলিশ ও বনদপ্তরের কুমারগ্রাম রেঞ্জের বন কর্মীরা। জঙ্গল থেকে তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনাএ গোটা চা বাগানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।



