নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: প্রেম সপ্তাহ শেষেও বেলেল্লাপনা, মদ খেয়ে গাড়ি, বাইক চালানোর মতো কিছু অবাঞ্চিত ঘটনা এড়ানো গেল না। স্বাভাবিকভাবে উত্তর দিনাজপুরের দুই পুলিস জেলাও দফায় দফায় ব্যবস্থা নিল। বড় কোনও অঘটন না ঘটলেও অভব্য আচরণ, আগাম সতর্কতামূলক ব্যবস্থা, গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা ব্যক্তিদের জালে তুলল পুলিস। পুলিসের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী একটি আগ্নেয়াস্ত্র সহ জেলাজুড়ে একরাতে গ্রেপ্তার হয়েছে ২১১ জন। বেপরোয়াভাবে গাড়ি ও বাইক চালানোর অভিযোগে ১১৯ জন চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল জেলার দুই পুলিস জেলা রায়গঞ্জ ও ইসলামপুর। পুলিস সূত্রে খবর, শনিবার সন্ধে থেকে জেলাজুড়ে বিশেষ অভিযান নামে উত্তর দিনাজপুর জেলার সমস্ত থানার পুলিস। রায়গঞ্জ পুলিস জেলায় ২২ টি জায়গায় নাকা তল্লাশি চলে। তাতে ১১৪ জন ট্রাফিক আইনভঙ্গকারী গাড়ি ও বাইক চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। রায়গঞ্জের পুলিস সুপার সানা আখতার বলেন, অপরাধ দমনের উদ্দেশ্যেই আগাম সতর্কতা মূলক এই অভিযান। যার মাধ্যমে নির্দিষ্ট কেসের জন্য ৫ জন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১০০ জন, গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মদ উদ্ধার হয়েছে ৫৭ বোতল। জুয়া রুখতে গিয়ে ১ হাজার ৯০০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিস। একই পন্থা অনুসরণ করে ইসলামপুর পুলিস জেলাও। ইসলামপুরের পুলিস সুপার জবি থমাস জানিয়েছেন, ইসলামপুর থানার পুলিস একটি আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে। নাম ভরতলাল দুবে। উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিস তাকে জিজ্ঞাসাবাদ করছে। সেইসঙ্গে নির্দিষ্ট কেসের জন্য ৩ জন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৭৭ জন গাড়ি ও বাইক চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইসলামপুর পুলিস জেলার তরফে।



