Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এক্সরে না করে একদিন ফেলে রাখার অভিযোগ

এক্সরে না করে একদিন ফেলে রাখার অভিযোগ
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রায়গঞ্জ: প্রায় একদিন পেরিয়ে গেলেও দুর্ঘটনায় আহত রোগীকে  এক্সরে করাতে না নিয়ে যাওয়ার অভিযোগ রায়গঞ্জ মেডিক্যালে। মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর  এলাকার বাসিন্দা সাবির সর্দার (২৬) ও ফারুক সর্দার (২০)। ওই দু’জন লরিতে ওষুধ নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। ডালখোলার কাছে সাবির একটি লরির পিছনে ধাক্কা মারলে গুরুতর আহত হন তাঁরা। দু’জনকে হাসপাতালে ভর্তি করা হলে সাবিরকে ডাক্তার এক্সরে করানোর কথা বলেন। কিন্তু হাসপাতালের কোনও কর্মী তাঁকে এক্সরে করাতে নিয়ে যাননি বলে অভিযোগ।
Advertisement
সাবির বলেন, আয়া রাখলেও বাড়ির পরিজন কেউ না থাকায় তিনি এক্সরে করাতে নিয়ে যেতে রাজি হননি।  মেডিক্যালের কোনও কর্মীও সাহায্য করেননি। অনেকবার বলার পর আয়া নিয়ে যেতে চাইলেও হুইল চেয়ার নেই বলে জানান। হাঁটতে না পারায় নার্সদের জানাতে পারিনি।
মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, রোগীর বাড়ির লোক না থাকলেও মেডিক্যালের কর্মীদের সেই রোগীকে বিভিন্ন পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে মেডিক্যালের কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। এছাড়া একজন রোগী এক্সরে ছাড়া দীর্ঘ ৩০ ঘণ্টা বেডে পড়ে থাকলেও কেন কোনও নার্সের নজরে পড়েনি, তা নিয়েও উঠেছে প্রশ্ন। মাঝেমধ্যে অভিযোগ ওঠে, ওয়ার্ডে মেডিক্যাল কর্মী না থাকায় অনেক সময় পরীক্ষা করাতে টাকার বিনিময়ে রোগীদের নিয়ে যাওয়া হয়। একজন আয়া জানান, ওয়ার্ডে মেডিক্যাল কর্মীদের দেখা পাওয়া যায় না। বহুবার জানিয়েও লাভ হয়নি। শেষপর্যন্ত ওই রোগীকে বুধবার বেলা দুটো নাগাদ এক্সরে করাতে নিয়ে যান একজন আয়া।
মেডিক্যালের সহকারী সুপার শৌনক কুমার ঘোষ বলেন, মেডিক্যালের ওয়ার্ড বয়ের দায়িত্বে একটি বেসরকারি সংস্থা রয়েছে। গাফিলতি হলে খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ