নিজস্ব প্রতিনিধি, বারাসত: একরাতে দু’টি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দত্তপুকুর থানার কোটরা পঞ্চায়েত এলাকায়। খোয়া গিয়েছে পিতলের বিভিন্ন সামগ্রী সহ নগদ টাকা। পৃথক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আর এই ঘটনায় প্রশ্নচিহ্নের মুখে পুলিসি নজরদারি। জানা গিয়েছে, দত্তপুকুরের কোটরা পঞ্চায়েতের বারোয়ারিতলা এলাকায় রয়েছে একটি হরিমন্দির। অন্যদিনের মতো শনিবার সন্ধ্যায় মন্দিরে তালা দিয়ে চলে যান পূজারি। রবিবার সকালে এলাকার মানুষ দেখেন, মন্দিরে তালা ভাঙা। ভিতরে থাকা একটি পিতলে রাধাকৃষ্ণের মূর্তি, প্রণামী বাক্সে থাকা নগদ টাকা, বাসন, সোনার হার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দা মণিশংকর ঘোষ বলেন, চুরির ঘটনায় আমরা আতঙ্কিত। দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। অন্যদিকে, দত্তপুকুর থানার শিরিষপুরে একটি মন্দিরেও রবিবার রাতে চুরির ঘটনা ঘটে। ভিতরে থাকা রুপো পিতল ও সোনার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পাশাপাশি প্রণামী বাক্সে থাকা টাকা উধাও। এনিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। উল্লেখ্য, শীত পড়তেই বারাসত পুলিস জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে চুরি ও ডাকাতি। কয়েকদিন আগে দেগঙ্গায় একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলেও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিস। বাসিন্দাদের অভিযোগ, পুলিসের নজরদারি তেমন না থাকায় ক্রমশ বাড়ছে অপরাধ। এ নিয়ে বারাসাতের এসডিপিও অজিঙ্কা বিদ্যাগর অনন্ত বলেন, চুরির ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দ্রুত চুরির কিনারা করা হবে।



