নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের ভাতা সংক্রান্ত তালিকা চেয়েছিল সুপ্রিম কোর্ট। ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (এনএমসি) ওই তথ্য পেতে সবক’টি সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজকে নোটিস দিয়েছিল। কিন্তু দেশের বহু মেডিক্যাল কলেজ নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও সেই তথ্য এখনও পাঠায়নি। এই প্রেক্ষিতে তথ্য না দেওয়া কলেজগুলিকে শো-কজ করে কড়া বার্তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই কলেজগুলির বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ নেওয়া হবে না, তাও জানাতে বলা হয়েছে। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ২৮ নভেম্বর তথ্য দিতে না পারা সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে শো-কজ করে নোটিস জারি করা হয়েছে। তাতে দেশের মোট ১১৫টি সরকারি ও ৮৩টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। এই তালিকায় রাজ্যের কলকাতা মেডিক্যাল কলেজ, সাগর দত্ত, বারাসত, পুরুলিয়া সহ মোট ছ’টি সরকারি মেডিক্যাল কলেজ ও তিনটি বেসরকারি কলেজের নাম রয়েছে। পাশাপাশি রাজস্থান ও তেলেঙ্গানার ১২টি, মহারাষ্ট্রের ১১টি, কর্ণাটকের ১০টি সরকারি মেডিক্যাল কলেজও শো-কজের তালিকায় রয়েছে। বলা হয়েছে, নোটিসের তিন দিনের মধ্যে জুনিয়র চিকিৎসকদের ভাতা সংক্রান্ত তথ্য পাঠাতে হবে।



