নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। উল্লাসে সংগঠনের কার্যালয়ে তিনি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন। তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। তিনি সংগঠনের দায়িত্বে থাকা মধ্যবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সংগঠন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তরবঙ্গের প্রথম সারির আরএসএস নেতারা এদিন রাতে সেখানে আসেন। সংগঠনের বিস্তার নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেছেন। শুক্রবার তিনি উল্লাসে আর একটি নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন। সেখানে তাঁদের একটি কার্যালয় রয়েছে। আরও একটি অফিস নতুনভাবে তৈরি করা হয়। পরে আবার তিনি সঙ্ঘের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। পরের দিন শনিবার নবাবহাটে ১০৮ শিবমন্দিরে তাঁর যাওয়ার কথা রয়েছে। বিভিন্ন কর্মসূচি সেরে ১৮ তারিখ তিনি কলকাতার উদ্দেশে রওনা দেবেন। এক নেতা বলেন, সংগঠন মজবুত করতে এর আগেও এধরনের বৈঠক হয়েছে। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই কর্মসূচির গুরুত্ব অন্যরকম। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এরাজ্যে সঙ্ঘের সংগঠন অনেকটাই ধাক্কা খেয়েছিল। কয়েকটি কার্যালয় বন্ধ হয়ে যায়। দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি সংগঠনের ক্ষতি হয়। সেই কারণে বর্ধমান জেলায় এবার টানা কর্মসূচি নেওয়া হয়েছে। ইন্ডোর কর্মসূচিতে শুধু আমন্ত্রিতরাই থাকার সুযোগ পাবেন।



