Bartaman Logo
২৭ মে, ২০২৬

এক বছরে রণথম্বোরে ২৫ বাঘ নিখোঁজ, শুরু তদন্ত

এক বছরে রণথম্বোরে ২৫ বাঘ নিখোঁজ, শুরু তদন্ত
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
জয়পুর: এর আগে ১৩টি বাঘ নিখোঁজের খবর মিলেছিল। তা নিয়ে তদন্তের মাঝেই চাঞ্চল্যকর তথ্য। রাজস্থানে রনথম্বোর জাতীয় উদ্যানে গত এক বছরে মোট ২৫টি বাঘ উধাও হয়ে গিয়েছে বলে খবর।  গত বছরের  হিসেব অনুযায়ী,  অরণ্যে ৭৫টি বাঘ ছিল। বর্তমানে সেই সংখ্যা ২৫টি কমে গিয়েছে। রাজস্থানের মুখ্য বনকর্তা পবন কুমার উপাধ্যায় সোমবার একথা জানান। এই প্রথম সরকারি হিসেবে কোনও অরণ্য থেকে এত সংখ্যক বাঘ এক বছরে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটল। 
Advertisement
এর আগে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ১৩টি বাঘ নিখোঁজের খবর মিলেছিল। তারপর এবার এক বছরের মধ্যেই ২৫টি বাঘ নিখোঁজের ঘটনায় স্বাভাবিকভাবেই বনবিভাগের কপালে ভাঁজ পড়েছে। সোমবারই গোটা ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই নিখোঁজের পিছনে চোরাশিকারীরা রয়েছে না অন্য কোনও কারণ, সেটাই ওই দল খতিয়ে দেখবে। 
এছাড়া পার্কের কর্মচারীরা এর সঙ্গে কোনওভাবে যুক্ত কি না বা তাঁদের গাফিলতির বিষয়য়টিও তদন্ত করবে বনবিভাগের ওই বিশেষ কমিটি। ৪ নভেম্বরই রণথম্বোর নিয়ে তদন্ত শুরু করার জন্য বনবিভাগের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রাথমিকভাবে ১৪টি বাঘের খোঁজ চালানো হবে। সেগুলিকে গত ১৭ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেখা যায়নি। অন্যদিকে বাকি বাঘগুলির খোঁজও ইতিমধ্যেই চলছে। বনদপ্তর সূত্রে খবর, পার্কের কর্মচারীদের বার বার সতর্ক করা হলেও তাঁদের মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি। কাজেই তদন্তের মাঝে বনকর্মীদের মধ্যেও সচেতনতা বৃদ্ধির প্রচার চলবে বলে জানা যাচ্ছে। 
সম্পর্কিত সংবাদ