নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: এজলাসে সরকারি আইনজীবীকে ঠান্ডা হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিহারের গ্যাংস্টার সুবোধ সিংয়ের বিরুদ্ধে। সোমবার বারাকপুর জেলা আদালতে বিহারের গ্যাংস্টার সুবোধ সিং তাঁকে ‘চোখ’ দেখিয়ে হুমকি দিয়েছেন বলে আদালতের মধ্যে অভিযোগ তুললেন স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায়। অভিযোগ ঘিরে সোমবার ভিড়ে ঠাসা আদালত কক্ষে হইচই বেধে যায়। বিভাসবাবু সুবোধ সিংকে বলেন, ‘আমাকে চোখ দেখিয়ে ভয় দেখাবেন না। আমি ভয় পাওয়ার লোক নই। আমি এরকম অনেক দেখেছি।’ সুবোধ সিং সঙ্গে সঙ্গে জবাব দেন, ‘আমি কোথায় ভয় দেখালাম। তাকানো মানে কি ভয় দেখানো?’ তাঁর আইনজীবী কমলজিৎ সিং বলেন, ‘ভিত্তিহীন অভিযোগ। বিভাসবাবু কেন এমন বলছেন, বুঝতে পারছি না।’ এদিন বারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি বৃষ্টির মামলায় নিজেই সওয়াল করার দাবি জানালেন সুবোধ সিং। সেই সঙ্গে চার্জশিটের কপি হিন্দিতে দেওয়ার আবেদন করেন তিনি। আদালত তাঁর আবেদনে সম্মতি দিয়েছে। সোমবার চার্জ গঠনের দিন থাকলেও হিন্দিতে চার্জশিটের কপি দেওয়ার পরেই চার্জ গঠন হবে। তার দিন ধার্য হয়েছে ১১ ডিসেম্বর। এদিন এই মামলায় সুবোধ সিং সহ ন’জন অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। তার মধ্যে রিশু কুমার পান্ডে, আলতাফ রাজা এবং সাহিল কুমার সিংয়ের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়েছিল। সেই শুনানিও ১১ ডিসেম্বর। এদিন অবশ্য অন্য অভিযুক্তদের আইনজীবীরা উপস্থিত ছিলেন না।
Advertisement
পরে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, এদিন চার্জ গঠনের দিন থাকলেও অন্য অভিযুক্তদের আইনজীবীরা না থাকার জন্য তা হয়নি। এছাড়া চার্জশিটের কপি সুবোধ সিংকে হিন্দিতে দেওয়ার আবেদন জানিয়েছেন। আমি আদালতকে দেখিয়েছি, আইন অনুযায়ী আমাদের এখানে ইংরেজি ও বাংলায় চার্জশিটের কপি দেওয়া হয়। তবে সওয়াল পর্বে সুবোধ সিং আমাকে চোখ তুলে ভয় দেখানোর চেষ্টা করছিল।



