সংবাদদাতা, কাঁথি: ‘অম্রুত’-২.০(অটল মিশন ফর রেজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফর্মেশন) প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ ব্যবস্থাপনা নতুন করে ঢেলে সাজাচ্ছে এগরা পুরসভা। সোমবার সেই প্রকল্পের অঙ্গ হিসাবে পানীয় জলের ট্যাঙ্ক বা ওভারহেড রিজার্ভার তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন হল। ৬লক্ষ ৫০হাজার লিটারের জলের ট্যাঙ্ক তৈরি হবে। পুরসভার ৮নম্বর ওয়ার্ডের পুরুষোত্তমপুরের বলাইপণ্ডা পুকুরপাড়ে পুরসভার নিজস্ব জায়গায় রিজার্ভারটি গড়ে উঠবে। সেখানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান স্বপনকুমার নায়ক সহ ইঞ্জিনিয়াররা এবং পুরকর্মীরা। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মিলিত এই প্রকল্পে প্রায় ৩১কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন এই প্রকল্পের মাধ্যমে পুর এলাকায় প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা পূরণ হবে। আর গোটা সংযোগ প্রক্রিয়াটি বিনামূল্যেই হবে। পুরসভার এই উদ্যোগে খুশি শহরের বাসিন্দারা।
জানা গিয়েছে, এই জলপ্রকল্পের মাধ্যমে পুর এলাকায় ১৪টি ওয়ার্ডে ৮হাজার ৮১টি বাড়িতে নতুন করে পানীয় জলের সংযোগ দেওয়া হবে। এজন্য নতুন করে ১২০কিলোমিটার পাইপলাইন সম্প্রসারণ করা হবে। টিউবওয়েল সহ আটটি নতুন পাম্প হাউস গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, বহুবছর আগে এগরা শহরে কলেজমোড়ের কাছে একটি পানীয় জলপ্রকল্প গড়ে তোলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। সেই জলপ্রকল্প থেকে শহরের বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ হত। কিন্তু তা পর্যাপ্ত না হওয়ায় পানীয় জলের সমস্যা লেগেই থাকত। শহরের একটি বড় অংশের বাসিন্দাদের দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হত। উন্নত পরিকাঠামোর অভাবে এবং বেশকিছু টেকনিক্যাল কারণে পুরনো সেই জলপ্রকল্প একটা সময় বন্ধও হয়ে যায়। সমস্যা নিরসনে ২০০৯ সালে জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন-এর অধীনে ইউআইডিএসএসএমটি (আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট স্কিম ফর স্মল অ্যান্ড মিডিয়াম টাউন) প্রকল্পের মাধ্যমে শহরে একটি জলপ্রকল্প গড়ে তোলা হয়। বর্তমানে সেই জলপ্রকল্পের মাধ্যমে পুর এলাকার বাসিন্দাদের পানীয় জলের প্রয়োজন মিটছে। এই প্রকল্পে শহরের ১নম্বর ওয়ার্ডের পটলাইকা মার্কেটে এবং ১৩নম্বর ওয়ার্ডের কসবা-এগরা এলাকায় দুটি ওভারহেড রিজার্ভার রয়েছে। ১০টি পাম্প হাউস রয়েছে। ৫৯কিলোমিটার পাইপলাইন পাতা হয়েছে। বর্তমানে সব মিলিয়ে ৩হাজার ২০০টি পরিবারে পানীয় জলের সংযোগ রয়েছে। পুরসভার ১১হাজারের বেশি পরিবার রয়েছে। নতুন করে ৮হাজার ৮১টি পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হলে প্রতিটি বাড়িতে জল দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মনে করছেন পুরসভার কর্তারা। রিজার্ভার তৈরির মধ্য দিয়ে সেই উদ্যোগ অনেকটাই এগিয়ে গেল।
পুরসভা সূত্রে খবর, বর্তমানে পানীয় জলের সংযোগের ক্ষেত্রে আড়াই হাজার টাকা নেওয়া হয়। নতুন প্রকল্পে সংযোগ বিনামূল্যেই হবে। আগের দুটি এবং বর্তমানে একটি, মোট তিনটি ওভারহেড রিজার্ভারের মাধ্যমে গোটা শহরে পানীয় জল সরবরাহ ব্যবস্থা পরিচালিত হবে। পুরসভার ৪নম্বর ওয়ার্ডের অলুয়াঁর বাসিন্দা হরিপদ পণ্ডা বলেন, এটা সরকারের খুবই কার্যকরী উদ্যোগ। শহরের প্রতিটি পরিবারই এবার পানীয় জলের সুবিধা পাবে। পুরসভার চেয়ারম্যান বলেন, আমরা চাই না শহরের একটিও পরিবারের পানীয় জল পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হোক। তাই আমরা পানীয় জল সরবরাহ ব্যবস্থাপনাকে ঢেলে সাজাচ্ছি। ইতিপূর্বে প্রকল্পের খসড়া তৈরি করে আর্থিক অনুমোদনের জন্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে পাঠানো হয়েছিল। ইতিপূর্বে অম্রুত-২.০ প্রকল্পে তাতে টাকা বরাদ্দ করা হয়েছে। তারপরই কাজে গতি এসেছে।