সংবাদদাতা, কাঁথি: এগরা থানার আমদেই এলাকায় মন্দির চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উত্তরপ্রদেশের বাসিন্দা দুই যুবককে গ্রেপ্তার করল পুলিস। তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাদুলি, তাবিজ প্রভৃতি বিক্রি করত। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ নাসের ও ফিরোজ যোগী। রবিবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তদন্তের স্বার্থে দু’জনকে চারদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে আমদেই এলাকায় একটি গ্রামীণ শীতলা মন্দিরে চুরির ঘটনা ঘটে। তার আগে একাধিকবার ওই এলাকায় মাদুলি, তাবিজ বিক্রি করতে গিয়েছিল অভিযুক্তরা। মন্দির চুরির ঘটনার পর তাদের দিকেই সন্দেহের তির গিয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের। এলাকাবাসীর দাবি, তাদের গতিবিধি, চালচলন দেখে তারা মন্দির চুরি করতে পারে বলে সন্দেহ হয়। তাঁরা থানায় অভিযোগ দায়ের করে পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানান। পুলিস তদন্তে নেমে শনিবার এগরা এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করে। থানার আইসি অরুণকুমার খান বলেন, ধৃতদের জেরা করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।



