সংবাদদাতা, কাঁথি: গৃহবধূকে ধর্ষণ, ব্ল্যাকমেল, ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল এগরা থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সঞ্জীব পুষ্টি। বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানা এলাকায়। জানা গিয়েছে, এগরা থানা এলাকার ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। এই সুযোগে গৃহবধূর বাড়িতে আসা-যাওয়া শুরু করে স্বামীর বন্ধু সহ একাধিক যুবক। সঙ্গে আসত সঞ্জীবও। গৃহবধূর অভিযোগ, স্বামীর বন্ধু তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরপরই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল শুরু করে। গৃহবধূর কাছ থেকে নগদ টাকা, এটিএম কার্ড, মোবাইলের সিম কার্ড কেড়ে নেয়। সঞ্জীবও তাদের দলে ছিল। এদিকে এই পরিস্থিতিতে গৃহবধূ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করে পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানান। পুলিস তদন্তে নেমে রবিবার সঞ্জীবকে গ্রেপ্তার করে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।



