Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জটিলতা কাটাতে উদ্যোগ

জটিলতা কাটাতে উদ্যোগ
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

টেলিভিশনে শ্যুটিং নিয়ে জটিলতা কাটাতে উদ্যোগী হল ফেডারেশন, চ্যানেল কর্তৃপক্ষ ও টেলি প্রযোজকরা। সোমবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিওতে ত্রিপাক্ষিক বৈঠক করা হয়। সেই মেগা মিটিংয়ের পর ডাকা হয়েছিল যৌথ সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন প্রযোজক নিসপাল সিং রানে, নীলাঞ্জনা সেনগুপ্ত সহ আরও অনেকে। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, ‘আমরা সকলে মিলে বেশ কিছু বিষয় আলোচনা করেছি। কোনও সমস্যা তৈরি হলে আমরা তৎক্ষণাৎ সেটি সমাধানের চেষ্টা করব। এটা যৌথ পরিবার।’ চালু কাজ বন্ধ হয়ে যাওয়া নিয়ে বারবার অভিযোগ সামনে এসেছে। ছোটপর্দার বেশ কয়েকটি ধারাবাহিক সেই সমস্যার মুখে পড়েছিল বলে অভিযোগ। সে বিষয়ে স্বরূপ বলেছেন, ‘কোনও চালু কাজ বন্ধ হবে না। এই বিষয়ে আমরা সকলেই সহমত হয়েছি। এছাড়াও মহিলাদের সুরক্ষা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই যে সকল মহিলা টেকনিশিয়ান রয়েছেন, তাঁদের জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সকলের জন্য ক্যান্টিন ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থাও করা হবে। দক্ষিণ ভারত ও হিন্দির কাজ বাংলায় আনার জন্য যথোপযুক্ত চেষ্টা করব আমরা।’ চ্যানেল, প্রযোজক ও ফেডারেশনের তরফে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। সেখানে ছোটপর্দার তিনটি প্রধান চ্যানেলের দু’জন করে প্রতিনিধি ও ফেডারেশন, প্রযোজকদের তরফে তিনজন করে সদস্য থাকবেন বলে খবর। স্বরূপ বিশ্বাস ও নিসপাল সিং রানে মধ্যস্থতার দায়িত্বে থাকছেন। 

Advertisement

এদিনই আবার অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ডের গানের শ্যুটিংয়ে টেকনিশিয়ানরা যোগ দেননি বলে অভিযোগ। সে প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল স্বরূপকে। তিনি বলেছেন, ‘অনির্বাণ ভট্টাচার্যের শ্যুটিং বন্ধ হওয়ার বিষয়ে ফেডারেশন অবগত নয়। টেকনিশিয়ানরা কেন কাজে যোগ দিতে পারছেন না, সে বিষয়ে আমার কোনও উত্তর জানা নেই।’  

Advertisement
সম্পর্কিত সংবাদ