সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীর রীতি ও ঐতিহ্য মেনে গতবারের মতো এবছরও অনুষ্ঠিত হতে চলেছে শান্তিনিকেতন পৌষমেলা। গত বছর মেলা হয়েছিল মূলত জেলা প্রশাসনের উদ্যোগে। এবার সরাসরি মেলার আয়োজন করবে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট। সহযোগিতার জন্য আর্জি জানানো হবে জেলা প্রশাসনকে। বুধবার বিশ্বভারতী কর্মী পরিষদ আয়োজিত বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক আতিগ ঘোষ জানিয়েছেন। এই বিশাল আয়োজনের জন্য জেলা ও রাজ্য প্রশাসনের কাছে সাহায্য চেয়ে আবেদন করা হবে বলেও তিনি জানিয়েছেন। এই খবর জানাজানি হতেই বোলপুর-শান্তিনিকেতনের বাসিন্দা, ব্যবসায়ী তথা হস্তশিল্পী মহলে খুশির হাওয়া।
Advertisement
বিশ্বভারতীর যে সব ঐতিহ্যবাহী উৎসব ও অনুষ্ঠান রয়েছে, তার মধ্যে পৌষ উৎসব ও মেলা অন্যতম। শান্তিনিকেতন ব্রহ্মচর্য আশ্রম হওয়ার আগে থেকেই এই পৌষমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস থেকে জানা যায়, ১৮৯৪ সালে প্রথম পৌষমেলার আয়োজন করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।



