নয়াদিল্লি: দেশে একচেটিয়া পুঁজিপতিদের উত্থান নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রকাশিত নিবন্ধের তীব্র আপত্তি জানাল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে ‘ভিত্তিহীন’ অভিযোগ তোলা হয়েছে বলে তোপ দেগেছে পদ্মশিবির। বুধবার ‘বর্তমান’-এর পাশাপাশি অন্য একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হয় কংগ্রেস সাংসদের নিবন্ধটি। তাঁর অভিযোগ, ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভীতি কায়েম করেছিল সেটি আবার ফিরে এসেছে। তাদের শূন্যস্থানে একচেটিয়া ব্যবসার একটি নতুন ধারা হয়েছে। প্রচুর সম্পদ কুক্ষিগত করেছে তারা। এর ফলে দেশজুড়ে বেড়ে গিয়েছে অসাম্য-অন্যায়। একচেটিয়া কারবারিদের উৎপাতে দেশের লক্ষাধিক ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে গিয়েছে।’ এরপরই তেড়েফুঁড়ে ওঠে গেরুয়া শিবির। লোকসভার বিরোধী দলনেতাকে ‘বালক বুদ্ধি’ বলে কটাক্ষ করে বিজেপির এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘সঠিক তথ্য যাচাই না করে উপসংহারে চলে আসবেন না।’



