বিশেষ সংবাদদাতা, ইম্ফল: ২০ মাস ধরে জ্বলছে মণিপুর। এই পরিস্থিতির জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমাও চেয়েছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। যদিও তাতে তুষ্ঠ নয় বিরোধীরা। ব্যর্থতার অভিযোগ তুলে জোরদার হয়েছে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি। শুক্রবার তারই যেন জবাব দিলেন সিং। তিনি বলেন, ‘আমি সেইসব মানুষের কাছে ক্ষমা চেয়েছি, যাঁরা দীর্ঘদিন ধরে অশান্তির সঙ্গে যুঝে চলেছেন। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। যাঁরা ঘরবাড়ি ছেড়ে শিবিরে আশ্রয় নিয়েছেন। আমি কোনও জঙ্গির কাছে ক্ষমা চাইনি। অশান্তি সৃষ্টির জন্য বিরোধীরা এই নিয়ে হইচই করছে।’ বীরেন সিং ক্ষমা চাওয়ার পরই কংগ্রেস নেতা অশোক গেহলট বলেছিলেন, বীরেন সিংয়ের এই ক্ষমা চাওয়া যথেষ্ট নয়। তাঁকে পদত্যাগ করতে হবে।



