Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার ইউরোলজির ইন্ডোর চালুর তোড়জোড় সুপার স্পেশালিটি ব্লকে

এবার ইউরোলজির ইন্ডোর চালুর তোড়জোড় সুপার স্পেশালিটি ব্লকে
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: কার্ডিওলজির পর এবার ইউরোলজি। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকে এবার ইউরোলজির ইন্ডোর পরিষেবা চালু হবে। দীর্ঘদিন ধরে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বহুতল ভবন পড়ে রয়েছে। তবু পরিকল্পনা মতো সুপার স্পেশালিটি ইন্ডোর পরিষেবা চালু করার ক্ষেত্রে নানা টালবাহানা চলছে। ফলে বিনামূল্যে ব্যয়বহুল চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের গরিব মানুষ। 
Advertisement
এই সুপার স্পেশালিটি ভবন হস্তান্তরের পর দীর্ঘদিন তা ফেলে রাখা হয়েছিল। বিভিন্ন মহলের চাপ ও সমালোচনার মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ ছ’টি বিভাগের আউটডোর পরিষেবা চালু করে বিতর্ক থামাতে চায়। গোটা বিল্ডিংটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। আর এভাবে পড়ে থাকার ফলে দু’বছরের মধ্যেই এই বহুতল নতুন ভবনে নানা সমস্যা দেখা দেয়। ছাদ ফেটে গিয়ে জল পড়তে থাকে। জায়গায় জায়গায় ফল্‌সসিলিং খসে পড়তে শুরু করে। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নতুন ভবনের এই মেরামতি বা সংস্কারের জন্য ইতিমধ্যে বাড়তি দু’কোটি টাকা খরচ করতে হয়েছে। নতুন ভবন হস্তান্তর হয়ে গিয়েছে। তাই এই সংস্কারের পুরো খরচই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তথা রাজ্য সরকারকে বহন করতে হয়েছে। 
নতুন ভবন পেয়েও পূর্ণাঙ্গ পরিষেবা চালু না করে ফেলে রাখার জন্যই এই সমস্যা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পরিষেবা চালু না হওয়ায় রক্ষণাবেক্ষণে কোনও নজর নেই। রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে নতুন ভবনে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তাই এবার পরিকল্পনা মতো সুপার স্পেশালিটি ব্লকে একে একে বিভিন্ন বিভাগের ইন্ডোর পরিষেবা চালুর উদ্যোগ শুরু হয়েছে। 
কিছুদিন আগে কার্ডিওলজির ইন্ডোর পরিষেবা চালু হয়েছে। যদিও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ কার্ডিওলজি বিভাগ নেই। পরিস্থিতির চাপে ধীরে ধীরে মিনি ক্যাথল্যাব ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম আনার উদ্যোগ শুরু হয়েছে কার্ডিওলজি বিভাগে। ৩০ বেডের ইউরোলজি ইন্ডোর পরিষেবা চালুর তোড়জোড় চলছে এখন। ইউরোলজি বিভাগের প্রধান ডাঃ বিশ্বজিৎ দত্ত বলেন, সুপার স্পেশালিটি ব্লকে ওটি সহ ইউরোলজির পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা অনেকদিন আগেই চালু হওয়া উচিত ছিল। নতুন ভবনে নানা সমস্যা থাকায় এতদিন ইন্ডোর পরিষেবার চালুর ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়নি। 
এদিকে, নতুন ভবন পড়ে থাকলেও পুরনো বিল্ডিংয়ে জেনারেল ইন্ডোরে মাত্র ছ’টি বেড নিয়ে ইউরোলজি বিভাগ চলছে। প্রতিদিনই রোগী আসছে। সকলকে জায়গা দেওয়া যাচ্ছে না। অনেককে মেঝেতে রেখে চিকিৎসা করতে হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গিয়েছে, ৩০ বেড রেখে ইন্ডোর পরিষেবা চালু করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ