চণ্ডীগড়: ভারত জোড়ো সংবিধান অভিযান। ভারত জোড়ো যাত্রার পর এবার নতুন কর্মসূচি শুরু করতে চলেছে কংগ্রেস। বুধবার চণ্ডীগড়ে একথা জানান সর্বভারতীয় কংগ্রেসের ওবিসি শাখার চেয়ারম্যান অজয় সিং যাদব। আগামী ২৬ নভেম্বর দিল্লির তালকাটোরা স্টেডিয়াম থেকে যাত্রার সূচনা হবে। শেষ হবে আগামী বছরের ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে। যাত্রায় অংশ নেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী সহ দলের শীর্ষ নেতারা।
Advertisement
সম্প্রতি জাতিভিত্তিক জনগণনার দাবি তুলে মোদি সরকারের উপর চাপ বাড়িয়েছে কংগ্রেস। লোকসভা ভোটের আগে থেকেই বিজেপির বিরুদ্ধে সংবিধান বদলের চেষ্টার অভিযোগে সরব হাত শিবির। ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র বিধানসভা ভোটের প্রচারেও বিষয়টি হাতিয়ার করেছিল তারা। এবার এই ইস্যু নিয়ে ফের পথে নামতে চলেছে শতাব্দী প্রাচীন দল। অজয় যাদব বলেছেন, ‘জাতিভিত্তিক জনগণনা না করে দেশের মানুষকে তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে কেন্দ্রের শাসক দল বিজেপি। আর সেকথা মাথায় রেখেই এই কর্মসূচির সূচনা।’



